ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পথে ফ্রান্স
ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ফ্রান্সের এমপি’রা।
ফ্রান্সের পার্লামেন্টে প্রতীকী এ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা মঙ্গলবারই।
বেশিরভাগ উন্নয়নশীল দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পশ্চিমা ইউরোপীয় দেশগুলো এখনো তা দেয়নি। বরং তারা স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুক্তিকে সমর্থন করছে।
দেশ দুইটির যুক্তি স্বাধীনতা পেতে হলে ফিলিস্তিনকে কেবলমাত্র ইসরায়েলের সঙ্গেই শান্তি আলোচনা করতে হবে।
তবে বর্তমানে পশ্চিমা দেশগুলো শান্তিপূর্ণভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যার সমাধান করতে চাইছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এপ্রিলে এ ব্যাপারে আলোচনাও শুরু হয়েছিল। কিন্তু অধিগ্রহণ করা এলাকায় ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণের ঘোষণার পর ওই আলোচনা বন্ধ হয়ে যায়।
পরে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়, আলোচনা ব্যর্থ হয়েছে এবং একতরফা ভাবে স্বাধীনতা চাওয়া ছাড়া তাদের সামনে আর কোন পথ খোলা নেই।
অক্টোবরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় সুইডেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ভোট হয়েছে। ভোটে ফিলিস্তিনের সমস্যা সমাধান করে স্বীকৃতি দেয়া প্রসঙ্গে কোন শর্ত আরোপ না করার পক্ষে মত দেয়া হয়।
স্থানীয় একটি দৈনিক পত্রিকায় মঙ্গলবার এক সাক্ষাৎকারে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লভেন তাদের নতুন পদক্ষেপের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলেন, “চলমান পরিকল্পনায় কি ভাল কাজ হচ্ছে? ভিন্ন কিছু করার সময় এসেছে। আমরা দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ ভারসাম্য বজায় রাখতে চাই।”
ফ্রান্সের এ পদক্ষেপের সরাসরি বিরোধিতা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘মস্ত ভুল’ বলে বর্ণনা করেছেন।
