২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুহান্সকে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেইন

পূর্ব ইউক্রেইনের লুহান্সকে ইউক্রেইন সরকার এবং রুশপন্থি বিদ্রোহীরা নতুন একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুক্রবার থেকে এ বিরতি শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 08:09 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

দোনেস্ক অঞ্চলেও আলাদাভাবে একটি যুদ্ধবিরতি করা নিয়ে আলোচনা চলছে। গত তিনদিনে দোনেস্ক বিমানবন্দরে প্রচণ্ড লড়াই হয়েছে।

রুশ এক জেনারেল লুহান্সকের আলোচনায় অংশ নিচ্ছেন। ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন (ওএসসিই) আলোচনায় সভাপতিত্ব করছে। পূর্ব ইউক্রেইনে ওএসসিই’র একটি পর্যবেক্ষণ মিশন আছে।

রুশপন্থি বিদ্রোহীরা এপ্রিলে সরকারি ভবনগুলো দখলের পর থেকে এ অঞ্চলে লড়াই বেড়েছে। ৫ সেপ্টেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এ পর্যন্ত বরাবরই ভঙ্গ হয়ে আসছে।

লুহান্সকে নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় দু’পক্ষই শনিবার রণক্ষেত্র থেকে ভারী অস্ত্র তুলে নিতে রাজি হয়েছে।

ওদিকে, দোনেস্কের যুদ্ধবিরতি আলোচনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে ইউক্রেইনের এক সামরিক মুখপাত্র বলেন, একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে।