লেবাননে আইএস নেতার স্ত্রী আটক
ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির স্ত্রী ও কন্যাকে আটক করেছে লেবাননের সেনাবাহিনী।
নিরাপত্তা কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, ৯ দিন আগে সিরিয়া থেকে লেবাননে প্রবেশের সময় সামরিক গোয়েন্দারা দুইজন আটক করে। তাদের নাম জানানো হয়নি।
আল-সাফির পত্রিকা জানিয়েছে, বাগদাদির স্ত্রীকে লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিরিয়া এবং ইরাকের বিশাল এলাকা দখল করে ইসলামিক ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা আইএস এর নেতা হিসাবে বাগদাদির নাম ঘোষণা করা হয় গত জুনে।
গত মাসে ইরাকের মসুলের কাছে মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন বিমান হামলায় বাগদাদির নিহত হওয়ার খবর অস্বীকার করে আইএস জঙ্গিরা। বাগদাদির একটি অডিও টেপও প্রকাশ করে তারা।
আর এখন তার স্ত্রী এবং মেয়ে আটক হওয়ার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে আল সাফির জানিয়েছে, সীমান্ত পারাপার এলাকায় সিরিয়া থেকে লেবাননে প্রবেশের চেষ্টাকালে বিদেশি গোয়েন্দাদের সমন্বয়ে দুইজনকে পাকড়াও করা হয়েছে।
এ গ্রেপ্তারের ঘটনার ব্যাপারে আইএস তাদের ওয়েবসাইটে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
লেবানিজ নিরাপত্তা বাহিনী লেবাননে আইএস এর সমর্থকদের ওপর দমনাভিযান শুরু করেছে এবং দেশটির গোয়েন্দা বাহিনী সিরিয়া সীমান্তে অত্যন্ত সতর্কবস্থায় রয়েছে।
