২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থীদের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে

তহবিলের অভাবে জর্ডান, লেবানন, তুরস্ক, ইরাক ও মিশরে আশ্রয় নেয়া ১৭ লাখ সিরীয় শরণার্থীর জন্য খাদ্য সহায়তা দেয়া বন্ধ করতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্প(ডব্লিউএফপি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

শরণার্থীদেরকে ডব্লিউএফপি’র ‘ফুড ভাউচার’ দেয়া হচ্ছে। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “এ ভাউচার ছাড়া অনেক পরিবারকেই না খেয়ে থাকতে হবে। শরণার্থীদেরকে এরই মধ্যে তীব্র শীতের হাত থেকে বাঁচতে লাড়াই করতে হচ্ছে। এ পরিস্থিতিতে খাদ্য সহায়তাও বন্ধ হয়ে গেলে তাদের দুর্দশা চরমে পৌঁছবে।”

শরণার্থীদের জন্য ডিসেম্বর পর্যন্ত খাদ্য সহায়তা চালিয়ে যেতেই ছয় কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে ডব্লিউএফপি।

বিবৃতিতে আরো বলা হয়, “বিভিন্ন দেশে অবস্থান করা এ শরণার্থীদের জন্য এরই মধ্যে স্থানীয় দোকানগুলোতে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার সমপরিমাণের ভাউচার দেয়া হয়েছে। নতুন তহবিল পাওয়া মাত্রই ফের কাজ শুরু হবে।”

গত মাসেই তহবিল সঙ্কটের কারণে খাদ্য সহায়তা বন্ধ হতে পারে বলে জানিয়েছিল ডব্লিউএফপি।
তাছাড়া, সিরিয়ায় বসবাস করা মানুষদের জন্য যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে তাও আগামী জানুয়ারীতে একইভাবে বন্ধ ঘোষণা করতে হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে ওই সহায়তা কার্যক্রমে কাট-ছাঁট করতে হয়েছে।