ইরাকি বাহিনীতে ৫০ হাজার ‘ভুতুড়ে’ সেনা
একটি দুর্নীতির তদন্তে ইরাকি সেনাবাহিনীতে ৫০,০০০ ভুয়া সেনার সন্ধান পাওয়া গেছে। বাহিনীর বেতনের তালিকায় এসব সেনার নাম ছিল।
রোববার ইরাকি সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
সেনাবাহিনীতে নাম আছে এবং বেতন নিয়মিত পরিশোধ করা হয়, অথচ বাস্তবে এসব সেনার কোনো অস্তিত্ব নেই বা তারা দীর্ঘদিন ধরে সেনবাহিনীতে উপস্থিত নেই, সেনাবাহিনীর এ ধরনের নামসর্বস্ব সেনাদের “ভুতুরে সেনা” বলা হয়।
ইরাকি বাহিনীর ওই “ভুতুরে সেনাদের” বেতন দেয়া বন্ধ করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি’র মুখপাত্র রাফিদ জাবোরি জানিয়েছেন, সর্বশেষ বেতন পরিশোধ করার পরপরই তদন্ত শুরু হয়।
তিনি বলেন, “কয়েক সপ্তাহ ধরে, ভুতুড়ে সেনাদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন এবং সমস্যার মূল উদঘাটন করেন।”
ইরাকি সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা এসব বেতনের অর্থ আত্মসাৎ করতেন বলে ধারণা করা হচ্ছে।
ওই ৫০,০০০ হাজার সেনার মধ্যে সেনাবাহিনী থেকে পালিয়ে গেছেন বা সাম্প্রতিক লড়াইয়ে নিহত হয়েছেন এমন সেনাদের নামও ছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি কর্মকর্তা।
ইরাকি সেনাবাহিনী গড়ে তুলতে শত শত কোটি ডলার ব্যয় করছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরও এই গ্রীষ্মে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অভিযানের মুখে ইরাকি বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়।
সেনাদের অপেশাদার পলায়নপর মনোবৃত্তির কারণে উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল অংশ আইএস’র দখলে চলে যায়।
আইএস’র জঙ্গিদের প্রতিরোধ করতে ইরাকি সেনাবাহিনীর ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে বাহিনীতে বিরাজমান ব্যাপক দুর্নীতিকে বিবেচনা করা হচ্ছে।
