২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির ভেতর নিখোঁজ ৪ বছর!

জর্জিয়ার আটলান্টায় নিখোঁজ হওয়ার চার বছর পর এক কিশোরকে একটি বাড়ির ‘ফলস ওয়ালের’ পেছন থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 08:29 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, ১৩ বছর বয়সী ওই কিশোর কিছুদিন আগে তার মাকে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠায়। ওই বার্তায় সে তার অবস্থান সম্পর্কে জানায়।

পুলিশ শুক্রবার ওই কিশোরের সন্ধানে প্রথম ওই বাড়িতে যায়। কিন্তু বাড়ির বাসিন্দারা এ ব্যাপারে কিছু জানে না বলে পুলিশকে জানায়।

কয়েক ঘন্টা পর পুলিশ আবারো সেখানে ফেরত আসে। সার্জেন্ট কেভিন হিউজ বলেন, “বাড়িটির ভেতরের অংশে একটি ‘ফলস ওয়ালের’ পেছনে ওই কিশোরকে খুঁজে পাওয়া যায়।”

কিশোরটি শারীরিকভাবে সুস্থ এবং বর্তমানে সে তার মায়ের কাছে রয়েছে বলে জানান কেভিন।

ওই বাড়ির পাঁচজন বাসিন্দাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। যাদের মধ্যে ওই কিশোরের বাবা এবং একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে শিশুদেরকে জোর করে আটকে রাখা, শিশুদের প্রতি নিষ্ঠুরতা এবং পুলিশকে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। ছেলে হারানোর সংবাদ তারা পুলিশকে না জানিয়ে কেবল শিশু কল্যাণ কর্তৃপক্ষকে জানিয়েছিল। বাড়ির অন্য তিন বাসিন্দা অপ্রাপ্তবয়ষ্ক। তাদের বিরুদ্ধে শুধু পুলিশকে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেশীরা জানান, ওই পরিবারটি প্রায় ছয় মাস আগে ওই বাড়িতে এসেছে এবং তারা আশাপাশের কারো সঙ্গে মিশত না।