মুবারকের মামলা খারিজের প্রতিবাদে মিশরে বিক্ষোভ
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা খারিজ করার আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির রাজধানী কায়রোতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।
শনিবার রাতে প্রায় এক হাজার প্রতিবাদকারী কায়রোর তাহরির স্কয়ারের কাছে জমায়েত হয়ে আদালতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
তারা “সামরিক শাসন নিপাত যাক!” শ্লোগানসহ মুবারক ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান আব্দেলফাত্তা আল সিসি বিরোধী শ্লোগান দেন।
প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে মিশরীয় নিরাপত্তা বাহিনী জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছড়রা গুলি ছোঁড়া হয়।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
২০১১ সালে মিশরে মুবারক বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় ২৩৯ জন বিক্ষোভকারীকে হত্যার দায়ে ২০১২ সালে মুবারককে আজীবন কারাদণ্ড দেয়া হয়, পরে আপিল আদালত পুনর্বিচারের আদেশ দেয়।
শনিবার পুনর্বিচারের রায়ে মামলা খারিজ করে দিয়ে সাত সহযোগীসহ মুবারককে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
২০১১ সালের প্রথমদিকে ১৮ দিনের ওই সরকার বিরোধী আন্দোলনে মিশরজুড়ে প্রায় আটশ মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছিল বলে ধারণা করা হয়।
আদালতের এই রায়ের পর এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি “কোনো ভুল” করেননি বলে মুবারক দাবী করেছেন।
তবে সরকারি তহবিল তছরুপের মামলায় আলাদভাবে তিন বছর কারাদণ্ড ভোগ করছেন ৮৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট।
