তাইওয়ানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের ভরাডুবির পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী জিয়াং ই-হুয়াহ।
রাজধানী তাইপের মেয়র পদসহ দেশজুড়ে জেলা পর্যায়ের নির্বাচনে জিয়াং এর দ্য কুওমিনতাং পার্টির (কেএমটি) প্রার্থীরা বেশিরভাগ আসনেই হেরে গেছেন।
এক সংবাদ সম্মেলনে জিয়াং স্থানীয় নির্বাচনে তার দলের ভরাভুবির দায় নিজের কাঁধে নিয়ে সরে দাড়ানোর ঘোষণা দেন।
এর কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট মা ইয়াং-জেওউ (তিনি কেএমটির চেয়ারম্যানও) ‘সবাইকে হতাশ করার জন্য’ সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
প্রেসিডেন্ট মা ইয়াং সংবাদ সম্মেলনে বলেন, “এই নির্বাচনের মাধ্যমে জনগণ যে ইঙ্গিত দিতে চেয়েছে সেটা আমি বুঝতে পেরেছি।”
“এটা আমার দায় এবং আমি সকলের চাহিদা অনুযায়ী যত দ্রুত সম্ভব দলের সংস্কার পরিকল্পনার প্রস্তাব রাখবো। আমি দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।”
শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চীনাপন্থি দল কেএমটির নিম্নমুখী জনপ্রিয়তা চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কেও ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
আনুষ্ঠানিকভাবে চীনের অংশ হলেও ১৯৪৯ সালে গৃহ যুদ্ধের পর তাইওয়ান স্বায়ত্ত্বশাসিত।
গত কয়েক বছর ধরে জিয়াং ও তার দল চীনের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার দিকেই বেশি নজর দিয়েছে এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করেছে।
অনেকের ধারণা বিরোধী ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থীরা যেভাবে স্থানীয় নির্বাচনে জয় লাভ করেছে তাতে পরবর্তী (২০১৬ সালে) প্রেসিডেন্ট নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি। আর যদি ডিপিপি জেতে তবে চীন ও তাইওয়ানের সম্পর্কের চিত্র পাল্টে যাবে।
ডিপিপি চায় তাইওয়ান চীনের থেকে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন হোক।
তাইপেতে ডিপিপি সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থী কেএমটির প্রার্থী সেন লিয়েনকে হারিয়ে দিয়েছেন।
