২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় খালাস পেলেন মোবারক

২০১১ সালে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের গুলি করে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2014, 07:15 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

ক্ষমতাচ্যুত সাবেক সামরিক শাসক মোবারকের বিরুদ্ধে দেশজুড়ে ২৩৯ জনকে হত্যা এবং ১৫৮৮ জনকে গুরুতর আহত করার অভিযোগে মামলাটি হয়েছিলো।

শনিবার রাজধানী কায়রোর একটি আদালত মোবারকের বিরুদ্ধে এই মামলা খারিজ করে তাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেন।

রায় ঘোষণার পর আদালতকক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন মোবারক অনুসারীরা।

একই মামলায় এর আগে দোষী সাব্যস্ত হওয়া মোবারক ছাড়াও প্রশাসনের শীর্ষ আরো সাত জন কর্মকর্তাকেও অব্যাহতি দিয়েছে আদালত।

প্রায় ৩০ বছর ধরে মিশরের ক্ষমতা দখল করে থাকা হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে ২০১১ সালের শুরুর দিকে ব্যাপক গণবিক্ষোভ হয়।

আন্দোলনের মুখে ওই বছর ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন মোবারক। তবে তার পদত্যাগের আগে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ওই সময় মিশর জুড়ে প্রায় আট শতাধিক মানুষ নিহত হয়।

২০১২ সালের জুনে প্রথমবার এই মামলার রায় ঘোষণা করা হয়। সেসময় মোবারক, তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি এবং আরো ছয় শীর্ষ কর্মকর্তাকে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিলো এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিলো।

গত বছর মামলাটি পুনর্বিচারের নির্দেশ দেয়া হয়।

হাসপাতালের একটি ট্রলিতে শুয়ে শনিবার আদলতকক্ষে হাজির হন মোবারক।তিনি রোদচশমা পরে ছিলেন এবং মুখ ছিলো ভাবলেশহীন।

এদিন হত্যার অভিযোগ ছাড়াও একটি দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পান মোবারক। ইসরায়েলে গ্যাস রপ্তানির সঙ্গে জড়িত অভিযোগে মোবারকের বিরুদ্ধে ওই দুর্নীতির মামলাটি হয়েছিলো।

একই আদালত মোবারকের দুই ছেলে জামাল ও আলাকে ভিন্ন দুইটি দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

রায় ঘোষণার পর মোবারকের আইনজীবী ফরিদ আল-দীব বলেন, “ন্যায্য বিচার হয়েছে এবং এটা ক্ষমতায় থাকা অবস্থায় মোবারকের সততার প্রমাণ দিয়েছে।”

তবে এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের সুশীল সমাজ। দেশটির একজন সাংবাদিক তার টুইটারে লেখেন, “এই রায়ের অর্থ ২০১১ সালের অভ্যুত্থানের সময় আট শতাধিক মানুষকে হত্যার জন্য কেউ দায়ী নয়। এটা কি এমন যে অতগুলো মানুষ একসঙ্গে আত্মহত্যা করেছিলো।”

জনগণের সম্পদ আত্মসাতের অভিযোগে অন্য একটি মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়া ৮৬ বছর বয়সী মোবারক বর্তমানে কারাভোগ করছেন।