চিকিৎসকদের মারধরে সন্দেহভাজন ‘চোর’ নিহত
কোলকাতার সরকারি নীলরত মেডিকেল কলেজ হাসপাতালের একদল ইন্টার্নি চিকিৎসক চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে।
সোমবার কোলকাতা পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
সন্দেহভাজন ব্যক্তিকে একটি পিলারের সঙ্গে বেঁধে বাঁশ দিয়ে পেটানো হয়, তার পুরুষাঙ্গ রেজার দিয়ে কেটে ফেলা হয়।
পুলিশ জানিয়েছে, মোবাইল চুরির দায়ে ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
বিবিসি’র কোলকাতা প্রতিনিধি জানিয়েছেন, এই হত্যাকাণ্ড ভারতজুড়ে গণপিটুনিতে হত্যার সমস্যাকে আরো প্রকট করে তুলেছে। তবে এবারের ঘটনাটিতে একটি নামকরা মেডিকেল কলেজের একদল চিকিৎসক জড়িত থাকায় বিষয়টির ভয়াবহতা সবাইকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন তিনি।
কোলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ধ্রুবজ্যোতি দে বলেছেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে মোবাইল ফোন চুরি করেছে সন্দেহে একদল ইন্টার্নি চিকিৎসক ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসে।”
ওই ব্যক্তিকে তারা ১৪০ বছরের পুরাতন মেডিকেল কলেজটির একটি কক্ষে টেনে নিয়ে পিটিয়ে মেরে ফেলে।
“তাদের কেউ কেউ তার শরীরের ব্যক্তিগত অংশগুলোও কেটে দেয়,” বলেন ধ্রুবজ্যোতি। ঘটনার কাছাকাছি কর্মরত দিনমজুররা হামলার বিষয়টি পুলিশের নজরে আনে বলে জানিয়েছন তিনি।
“পুলিশ ওই ব্যক্তিকে রক্তের ওপর পড়ে থাকতে দেখে। সেখানে থেকে একটি রেজারও জব্দ করা হয়েছে,” বলেন তিনি।
নিহত ব্যক্তির শরীরে আঘাতগুলো “অমানুষিক নির্যাতনের চিহ্ন” বহন করছে বলে জানিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী চান্দরিমা ভট্টাচার্য এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে মন্তব্য করে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
নীলরতন মেডিকেলের ছাত্ররা জানিয়েছেন, একের পর এক চুরির ঘটনায় কলেজ হোস্টেলের ছাত্ররা আগে থেকেই ক্ষুব্ধ হয়েছিল।
ইন্টার্নি এক চিকিৎসক বলেছেন, “হোস্টেল থেকে প্রায়ই মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি হয়। হোস্টেলের প্রবেশ পথে কোনো পাহারাদার নেই, এমনকি রাতেও কেউ থাকে না। যে কেউ চাইলেই হোস্টেলে প্রবেশ করতে পারে।”
