৮৩টি ইসলামি সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা
জিহাদিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে যোগ দেয়া আরব আমিরাত ৮৩টি ইসলামপন্থি দলকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে।
শনিবার দেশটি এই ৮৩টি সংগঠনের নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে দ্য ডন।
এই তালিকা দেশটির মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম তালিকাটি প্রকাশ করেছে। মার্চে সৌদি আরবও একই ধরনের একটি ঘোষণায় বেশ কয়েকটি ইসলামি সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল।
আরব আমিরাতের কালো তালিকায় আল কায়েদা, ইসলামিক স্টেট (আইএস), মুসলিম ব্রাদারহুড ও ইয়েমেনের শিয়া বেসামরিক বাহিনী হাউথির নাম আছে।
মিশর ও সৌদি আরবে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের শাখা গঠনের চেষ্টার দায়ে সম্প্রতি আরব আমিরাত বহু আমিরাতি ও মিশরীয়কে কারাদণ্ড দিয়েছে। ব্রাদারহুড উপসাগরীয় বাদশাদের ক্ষমতা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়েছে।
‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারর্স’কেও সন্ত্রাসী সংঘঠন ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে আমিরাত। মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক অভিভাবক শেখ ইউসুফ আল কারাদাবি কাতার ভিত্তিক এই সংগঠনটির প্রধান।
আমিরাতের আল-ইসলাহ (সংস্কার) সোসাইটি এবং ইতোপূর্বে শোনা যায়নি এমন সংগঠন “ইউএই জিহাদি সেল”কেও তালিকাভুক্ত করা হয়েছে।
