২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র বিরুদ্ধে লড়াইয়ের মোড় ঘুরছে: যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের মোড় ‘ঘুরতে শুরু করেছে’ এবং মিত্রজোটের অবস্থান শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

আকস্মিক সফরে শনিবার ইরাকের রাজধানী বাগদাদে যান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস এর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়ার পর এই প্রথম ইরাক সফরে গেলেন ডেম্পসি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চীফস অফ স্টাফ চেয়ারম্যান ডেম্পসির ইরাক সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে ইরাকি সেনাবাহিনীর একজন কর্নেল দাবি করেছিলেন, তারা বাইজি শহরে অবস্থিত দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার প্রায় পুনর্দখল করে ফেলেছেন।

বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে জড়ো হওয়া মার্কিন সেনাদের উদ্দেশে ডেম্পসি বলেন, “যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরাককে খাদ থেকে টেনে তোলার যুদ্ধে ইরাকি ও কুর্দি সেনাদের সাহায্য করছে। আর এখন লড়াইয়ের মোড় ঘুরতে শুরু করেছে বলেই আমার বিশ্বাস”।

ইরাকে শিয়া ও সুন্নি মুসলিমদের জাতিগত বিদ্বেষ চরম আকার ধারণ করেছে। ইরাক সরকার যদি এই বিভেদ দূর করতে না পারে তবে সেনাবাহিনীর পক্ষে আইএস’কে নির্মূল করা কখনই সম্ভব হবে না বলেও সতর্ক করেন ডেম্পসি।

তবে শিয়া-সুন্নিদের মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়তে সময় লাগবে বলে মনে করেন তিনি । ইরাকে কতদিন মার্কিন সেনারা অবস্থান করবে এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, “কত দিন? কয়েক বছর হয়ত।”

বর্তমানে ইরাকে প্রায় ১৪ শ মার্কিন সেনা রয়েছে। ওবামা প্রশাসন আরো প্রায় ৩১ শ’ সেনাকে সেখানে পাঠানোর অনুমতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র ইরাকের আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালালেও তাদের পদাতিক সেনারা সেখানে সম্মুখযুদ্ধে অংশ নিচ্ছে না। বরং তারা ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিসহ দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ডেম্পসি আরবিল সফরে যাবেন। ইরাকে উত্তরের আধা-স্বায়ত্ত্ব শাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী আরবিল। যুক্তরাষ্ট্রের সেনারা কুর্দি যোদ্ধাদেরও প্রশিক্ষণ দিচ্ছে।