‘আফগান পররাষ্ট্রনীতিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ’
পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্বকে আফগানিস্তানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মন্তব্য করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আহমদজাই।
শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় পাকিস্তানের সঙ্গে মিত্রতা পুনুরুদ্ধারের বিষয়টিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন তিনি। বাস্তব পদক্ষেপ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করতে পারে বলেও মন্তব্য করেন ঘানি।
মধ্য এশিয়া-দক্ষিণ এশিয়া আঞ্চলিক জ্বালানি ও বাণিজ্য (সিএএসএ) সহযোগীতা এবং তুর্কিমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টিএপিআই) প্রকল্প দুটি দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঘানি বলেন, পাকিস্তান ও আফগানিস্তান, উভয় দেশই দারিদ্র ও অনুন্নয়নের অধ্যায় বিলোপ করতে চায়; উভয় দেশের জনগণই শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা কামনা করে।
আফগান প্রেসিডেন্ট বলেন, তিনি তার দেশে পাকিস্তান প্রধানমন্ত্রীরর্ ভবিষ্যৎ সফরের দিকে তাকিয়ে আছেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ বলেছেন, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে দুপক্ষ শক্তিশালী সম্পর্ক গড়ার প্র্রয়োজনীয়তা উপলব্ধি করেছে।
শুক্রবার দুদিনের এক সফরে পাকিস্তান গিয়েছেন আফগান প্রেসিডেন্ট।
