২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনা অভিযানে ৫ সেনাসহ নিহত ৩৯

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের উপর সামরিক বাহিনীর বিমান হামলায় ২৭ জঙ্গি নিহত ও সেনা-জঙ্গি সংঘর্ষে পাঁচ সেনা ও আরো সাত জঙ্গি নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 03:14 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

রোববার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর’র (আইএসপিআর) দুটি বিবৃতির বরাত দিয়ে এসব খবর জানিয়েছে দ্য ডন।

ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় চালানো বিমান হামলায় নিহত জঙ্গিদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও বিদেশী সন্ত্রাসী রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

অপরদিকে একই এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষে অন্তত পাঁচ সেনা নিহত ও বহু সেনা আহত হয়েছেন বলে আলাদা একটি বিবৃতিতে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক কর্মকর্তাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এই সংঘর্ষে আরো অন্তত সাত জঙ্গি নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠি অধ্যুষিত এলাকাগুলো জঙ্গি মুক্ত করতে অভিযান চালাচ্ছে পাকিস্তান সামরিক বাহিনী। জুন থেকে শুরু হওয়া জার্ব-ই-আজব নামের এ অভিযানে উত্তর ওয়াজিরিস্তান “৯০ শতাংশ” জঙ্গি মুক্ত হয়েছে বলে দাবী করেছে পাকিস্তান সেনাবাহিনী।

শনিবার অভিযান কমান্ডার মেজর জেনারেল জাফরুল্লাহ খান জানিয়েছে, গত পাঁচমাসের অভিযানে মোট ১,১৯৮ জঙ্গি নিহত ও ৩৫৬ জন আহত হয়েছেন।

তবে ডন জানিয়েছে, অভিযানাধীন এলাকায় গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধানিষেধ থাকায় সামরিক বাহিনীর দাবী নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি।