পাকিস্তান সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট
ইসলামাবাদে প্রথম সফরে পাকিস্তানি নেতাদের সঙ্গে দেখা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। দু’দেশের মধ্যে গোলযোগপূর্ণ সম্পর্ক মেরামতের একটি সুযোগ হিসাবে দেখা হচ্ছে তার এ সফরকে।
গত সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানে এটিই গনির প্রথম সফর। তার পূর্বসূরি হামিদ কারজাই প্রতিনিয়তই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি দলগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ করতেন। তবে পাকিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। উল্টো আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বন্ধ করতে ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দোষারোপ করে এসেছে তারা।
দুপক্ষের কর্মকর্তারাই আশা করছেন আশরাফ গনির এ সফর দু’দেশের সম্পর্কে সব সমস্যা কাটিয়ে নতুন করে যাত্রা শুরু করতে সহায়ক হবে।
পাকিস্তান বলেছে, উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অঞ্চলে তারা সম্প্রতি যে অভিযান চালাচ্ছে তা জঙ্গিদের স্বর্গরাজ্য ধ্বংস করে দেয়ার ব্যাপারে সরকারের দৃঢ়প্রতিজ্ঞারই প্রমাণ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তাসনীম আসলাম বলেছেন, গনির সফরকালে অনুষ্ঠিত বৈঠকে দুপক্ষ অর্থনৈতিক সম্পর্কোন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলোচনা করবে।
