ইউক্রেইনে পুরোদস্তুর যুদ্ধের হুঁশিয়ারি জাতিসংঘের
পূর্ব ইউক্রেইনে সরকার ও রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা যেভাবে বাড়ছে এবং যুদ্ধবিরতির মধ্যেও যেভাবে সংঘর্ষ চলছে তাতে ওই অঞ্চলে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংবাদ সম্মেলনে সংস্থাটির রাজনৈতিক সম্পর্ক বিভাগের সহকারি মহাসচিব জেনস আনদ্রেস টয়বার্গ ফ্রান্দেজ বলেন, “আবারো ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। এর একমাত্র বিকল্প উপায় হচ্ছে যুদ্ধ বন্ধ করা। যাতে ইউক্রেইনবাসীরা আবারো একটি স্থিতিশীল ও নিরাপদ দেশে নিজেদের জীবন নির্বাহ করতে পারে।”
যুদ্ধ বিক্ষুব্ধ অঞ্চল দোনেস্ক এবং লুহান্সকে গত কয়েকদিন ধরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। তার ওপর পূর্ব ইউক্রেইনের রাশিয়াপন্থি বিদ্রোহীদের সাহায্য করতে রাশিয়ার সেনা ও সামরিক যন্ত্রপাতি পাঠানোর খবর পরিস্থিতি আরো ঘোলাটে করেছে।
ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার খবর অনুযায়ী, দোনেস্কে নতুন একটি সাঁজোয়া বহর প্রবেশে করেছে। ওই বহরে ৪৩টি সামরিক ট্রাকে ক্ষেপণাস্ত্র ও কামান ছিল।
টয়বার্গ দোনেস্ক ও লুহান্সকের বর্তমান পরিস্থিতিকে ৫ সেপ্টেম্বরের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন।
৫ সেপ্টেম্বর ইউক্রেইন সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির চু্ক্তি হয়। যদিও উভয়পক্ষই যুদ্ধবিরতি চুক্তি মারাত্মকভাবে লঙ্ঘন করছে এবং এজন্য পরষ্পরকে দোষারোপ করছে।
