সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন হামলায় নিহত ৮৬৫
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)এর বিরুদ্ধে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৬৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫০ জন বেসামরিক নাগরিক।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, নিহতদের বেশির ভাগই আইএস যোদ্ধা। এ সংখ্যা ৭৪৬। প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশিও হতে পারে।
সিরিয়া এবং ইরাকের বিশাল এলাকা দখল করে নিয়েছে আইএস। জুলাই থেকে তাদের লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলাও চলছে।
অবজারভেটরি জানায়, নিহত বেসামরিক নাগরিকদের ৮ জন শিশু। এছাড়া, আল-কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ৬৮ জন সদস্যও বিমান হামলায় নিহত হয়েছে।
কোয়ালিশন বাহিনীর বিমান হামলা হয়েছে সিরিয়ার আলেপ্পো, দির আল জোর, হাসাকা, রাক্কা এবং ইদলিবেও।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা হতাহতের সংখ্যার পুরো খবরাখবর নিচ্ছে এবং প্রতিটি অভিযোগ তদন্ত করে দেখার প্রক্রিয়াও চলছে।
