২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইজিতে আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত ৮

আইএস দখলকৃত ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারের শহর বাইজিতে এক আত্মঘাতী বোমা হামলায় ছয় সেনাসহ আটজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2014, 10:28 AM

Updated : 25 Apr 2022, 04:57 PM

মঙ্গলবার শহরটি পুনর্দখলে ইরাকি সেনাবাহিনীর অগ্রযাত্রার মুখে হামলাটি চালানো হয়।

বাইজির মেয়র মোহাম্মদ মাহমুদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, শহর কেন্দ্রের একটি অংশ পুনর্দখল করে নেয়া সেনাদের ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দুইজন বেসামরিক ও ছয় সেনা নিহত হয়েছেন।

পাঁচমাস আগে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখল করে নেয়ার সময়ই বাইজি শহর ও শহরটির ঘিরে থাকা ইরাকের বৃহত্তম তেল শোধনাগারটি দখল করে নেয়।

আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে বাইজি’র কৌশলগত গুরুত্ব খুব বেশি। এই শহরটি দখলে থাকায় ইরাকি খনিজ তেলের একটি অংশের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আইএস। নিজেদের গাড়ি ও ট্যাঙ্কে সেই তেল ব্যবহার করে এবং তেল বিক্রি করে ব্যাপক সুবিধাজনক অবস্থান তৈরি করেছে গোষ্ঠিটি।

ইরাকি তেল শিল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাদের হিসাবে, তেলের অবৈধ বাণিজ্য থেকে আইএস কোটি কোটি ডলার লাভ করছে।

আইএস অবস্থানের উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ধারাবাহিক বিমান হামলার ফলে উগ্রপন্থি সুন্নি এই বিদ্রোহী গোষ্ঠিটির শক্তি হ্রাস পেয়েছে। এই সুযোগে গোষ্ঠিটির বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা সাফল্য অর্জন করেছে ইরাকি নিরাপত্তা বাহিনীগুলো।

তেল শোধনাগারের চারদিকে অবস্থানরত আইএস যোদ্ধাদের উপর হেলিকপ্টার নিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী।

রাজধানী বাগদাদের উত্তর, পশ্চিম ও দক্ষিণ দিক থেকে আইএস জঙ্গিদের পিছুঁ হটিয়ে দিতে গত কয়েক সপ্তাহ ধরে লড়াই করে যাচ্ছে ইরাকি নিরাপত্তা বাহিনীগুলো।