২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৫০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেটের(আইএস)বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইরাকের গোলোযোগপূর্ণ আনবার প্রদেশে ৫০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 08:17 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

পেণ্টাগন জানিয়েছে, এই সেনারা রণক্ষেত্রে গিয়ে নয় বরং সেনাঘাঁটিতে থেকেই আইএস এর বিরুদ্ধ লড়তে ইরাকি বাহিনীকে সহায়তা করবে।

ইরাকে অগাস্টে আইএস এর বিরুদ্ধে হামলা শুরুর পর আনবার প্রদেশে প্রথম এ সেনা পাঠাল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেনারা ২০১১ সালে ইরাক ছেড়ে দেশে ফেরে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে আবার ইরাকে উপদেষ্টা হিসাবে বাড়তি ১৫০০ সেনা পাঠানোর পরিকল্পনা জানান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র রয়টার্সকে বলেন, “৫০ জন সেনা ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে থাকবে”।

ইরাকের আনবার প্রদেশের অনেকাংশই এখন আইএস এর দখলে। আগে এ প্রদেশটি আল কায়েদার ঘাঁটি ছিল।