২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে ছুরি হামলায় সেনা ও নারী নিহত

ইসরায়েলের রাজধানী তেল আবিব ও দখলকৃত পশ্চিমতীরে পৃথক দুটি ছুরি হামলার ঘটনায় দুজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:09 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

সোমবারের এ দুটি ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছে বিবিসি।

প্রথম হামলার ঘটনাটি ঘটে তেল আবিবে। তেল আবিবের একটি ব্যস্ত রেল স্টেশনে এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করা হয়। আলমগ শিলোনি নামের ২০ বছর বয়সী ওই সেনা পরে হাসপাতালে মারা যান।

এটিকে একটি ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছে ইসরায়েলি পুলিশ। এ হামলার দায়ে পশ্চিমতীরের নাবলুস শহর থেকে আসা এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে পশ্চিমতীরের আলোন শভুত ইহুদি আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আরেক ইসরায়েলি নারী নিহত হন। এলাকার প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর হামলাকারী তার গাড়িটি তুলে দেয়ার চেষ্টা করে। কিন্তু গাড়িটি একটি কংক্রিটের বাধায় ধাক্কা খেয়ে থেমে গেলে গাড়ি থেকে নেমে আসেন ওই হামলাকারী।

এরপর ডালিয়া লামকুস নামের ২৬ বছর বয়সী ওই নারীসহ আরো দুজনকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। আহত অপর দুজন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজন নিরাপত্তা রক্ষী হামলাকারীকে লক্ষ করে কয়েকটি গুলি ছোঁড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।

আল আকসা মসজিদেকে কেন্দ্র করে কিছুদিন ধরে চলা ইসরায়েল ও ফিলিস্তিনের চরম উত্তেজনার মাঝে এ ছুরি হামলার ঘটনা দুটি ঘটলো।

রোববার ইসরায়েলের একটি আরব অধ্যুষিত শহরে এক আরব যুবক ছুরি হাতে ইসরায়েলি পুলিশকে আক্রমণের চেষ্টা করলে পুলিশের গুলিতে সে নিহত হয়। এ ঘটনায় উত্তেজিত আরবরা ইসরায়েলি পুলিশকে লক্ষ করে পাথর ছোঁড়ে।