আকাশে ইরানি ড্রোন
আটক করা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোন বিমান নকল করে তৈরি করা ইরানি ড্রোন বিমান প্রথমবারের মতো আকাশে উড়েছে।
সোমবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
২০১১’র ডিসেম্বরে ইরান জানিয়েছিল, প্রতিবেশী আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র বাহিনী ঘোষিত তাদের হারিয়ে যাওয়া ইউএস আরকিউ-১৭০ পাহারাদার গোয়েন্দা ড্রোন বিমানটি পূর্ব ইরানের আকাশ থেকে আটক করা হয়েছে।
আইআরএনএ’র প্রতিবেদনে ইরানি সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আমির আলি হামজা বলেছেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই বছরের দ্বিতীয়ার্ধে আরকিউ-১৭০’র একটি নমুনা আমরা আকাশে উড়াব, এটি করা হয়েছে।”
“শিগগিরই এই উড়ালের একটি ফিল্ম ছাড়া হবে,” বলেন তিনি।
ইরানের আধা-স্বায়ত্ত্বশাসিত বার্তা সংস্থা তাসনিম সম্প্রচারিত এক ভিডিওতে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনি ওই ড্রোনের একটি নমুনা দেখার পর বলেন, “আজকের দিনটি আমার জন্য একটি মধুর ও স্মরণীয় দিন।”
মার্কিন ড্রোনটি আটকের পর ইরানি সেনা কমান্ডাররা বলেছিলেন, বিমানটি থেকে তারা মূল্যবান প্রযুক্তি আয়ত্ত করছেন যা তাদের প্রতিরক্ষা শিল্পে ব্যবহার করা হচ্ছে।
মে’তে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি লকহিড মার্টিনের তৈরি আরকিউ-১৭০ ড্রোনের একটি নকল নমুনা প্রদর্শন করেছিল।
অপরদিকে যুক্তরাষ্ট্র দাবী করেছিল, নিরাপত্তা ব্যবস্থার কারণে ড্রোনটি থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য উদ্ধার করতে পারবে না ইরান।
