২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেদুইনদের কমোরোর নাগরিক হওয়ার প্রস্তাব

বেদুইন নামে পরিচিত কুয়েতের রাষ্ট্রহীন লাখ খানেক মানুষকে কমোরো দ্বীপপুঞ্জের নাগরিক হওয়ার প্রস্তাব দেয়া হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 03:44 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জাররাহ্’র বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ খবর জানিয়েছে বিবিসি।

স্থানীয় এক সংবাদপত্রকে জেনারেল মাজেন বলেছেন, কমোরোতে বাণিজ্যিক নাগরিকত্ব দেয়ার জন্য বেদুইনদের বিশেষ আবেদনপত্র মঞ্জুর করা হবে।

যে সব বেদুইন এসব আবেদনপত্র গ্রহণ করবেন তাদের কুয়েতে বসবাসের অনুমতিপত্র দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

যারা কমোরোর নাগরিক হওয়ার প্রস্তাব গ্রহণ করবেন তাদের বসবাসের অনুমতি দেয়ার পাশাপাশি বিনা খরচে লেখাপড়া ও স্বাস্থ্যসেবার সুযোগও দেয়া হবে বলে জানিয়েছেন মাজেন।

আগামী কয়েক মাসের মধ্যে কুয়েতে কমোরোর দূতাবাস খোলার পরপরই এই প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে তিনি।

এক লাখেরও বেশি বেদুঈন কুয়েতের নাগরিকত্ব দাবি করলেও তাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে দেশটির সরকার।

সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতের নাগরিকত্বের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করছে বেদুঈনরা। এরকম কয়েকটি প্রতিবাদ বিক্ষোভ শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কয়েকশত বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে।

কুয়েত সরকার বলেছে, মাত্র ৩৪ হাজার বেদুইন কুয়েতি নাগরিকত্ব পাওয়ার উপযুক্ত বিবেচিত হয়েছেন।

অন্যদের পাঁচ দশক আগে কুয়েতে খনিজ তেল আবিষ্কার হওয়ার পর পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা মানুষ বা তাদের পরবর্তী বংশধর বলে বিবেচনা করে কুয়েত সরকার।

কমোরো পূর্ব আফ্রিকা উপকূলে ভারত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপপুঞ্জ। সাবেক ফরাসি উপনিবেশ এই দেশটি আরব লিগের সদস্য।

কমোরোর নাগরিকত্ব গ্রহণ করলেই কুয়েত থেকে বেদুইনদের দ্বীপটিতে পাঠিয়ে দেয়া হবে এমন না, তবে এদের মধ্যে কেউ কোনো অপরাধে অভিযুক্ত হলে তাকে বহিষ্কার করে কমোরোতে পাঠিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

এই প্রতিবেদনের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কমোরো সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।