২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার বেলুন উড়িয়ে বার্লিন প্রাচীর পতন স্মরণ

জার্মানির রাজধানীর রাতের আকাশে আট হাজার সাদা হিলিয়াম আলোকিত বেলুন উড়িয়ে বার্লিন প্রাচীর পতনের ২৫ বছর পূর্তির ক্ষণ স্মরণ করেছে অগণিত মানুষ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 03:24 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

দিনটি উপলক্ষ্যে রোববার বার্লিনের ব্রানডেনবুর্গ গেইটে আয়োজিত অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলসহ লাখো মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দেয়া ভাষণে মের্কেল বলেন, এই প্রাচীরের পতন বিশ্বকে দেখিয়েছে স্বপ্ন একদিন সত্যি হয়।

পরে ব্রানডেনবুর্গ গেইটের “নাগরিক উৎসব”ও দেশবিদেশের লাখো মানুষ উপস্থিত ছিলেন।

কমিউনিস্ট পূর্ব জার্মানি থেকে নাগরিকদের পলায়ন বন্ধ করতে ১৯৬১ সালে পশ্চিম বার্লিনের চারদিকে গড়ে তোলা হয় বার্লিন প্রাচীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিমে বিভক্ত জার্মানির পশ্চিম অংশের ছিটমহল ছিল পশ্চিম বার্লিন। পূর্ব জার্মানির অনেক ভিতরে ছিল পশ্চিম বার্লিনের অবস্থান।

‘লৌহ যবনিকা’ নামে পরিচিত এই প্রাচীর হয়ে উঠেছিল স্নায়ুযুদ্ধের প্রতীক। ১৯৮৯ সালে এই প্রাচীরের পতনের ক্ষণকে তাই স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার ক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীরের তিন দশমিক ৬ মিটার উচ্চতার সঙ্গে মিলিয়ে প্রাচীরের রেখা বরাবর ১৫ কিলোমিটারজুড়ে প্রজ্জ্বলিত আট হাজার বেলুন সাজিয়ে রাখ হয়। ২৫ বছর আগে প্রতিবাদকারীরা যেমন প্রাচীরের এক একটি অংশ কেটে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, সেই বিষয়টির স্মরণে বেলুনগুলো একটা একটা করে ছাড়া হয়। এসময় ব্রানডেনবুর্গ গেইটের সামনে দ্য বার্লিন স্ট্রেট অর্কেস্ট্রা ড্যানিয়েল ব্যারেনবোইম এর পরিচালনায় বিটোভেনের নাইনথ সিম্ফনি “অদে টু জয়” বাজানো হয়। প্রথম বেলুনটি রাতের আকাশে উড়িয়ে দেয়ার পরপরই বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরেইট বলেন, “আমরা এই বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। ২৫ বছর আগে আপনারা বার্লিন প্রাচীর গুঁড়িয়ে দিয়েছিলেন বলে আমরা রোমাঞ্চিত।” “কোনো কিছুই এবং কেউই স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না,” বলেন তিনি। বেলুন ওড়ানোর পর্ব শেষ হওয়ার পরপরই ব্রানডেনবুর্গ গেইটে সবার জন্য উন্মুক্ত বিশাল নাগরিক উৎসব শুরু করা হয়।