জিনপিং-অ্যাবের বৈঠক
দুইবছর ধরে ভূখণ্ডগত বিরোধে জড়িয়ে পড়া ঐতিহাসিকভাবে বৈরি দেশ চীন ও জাপানের শীর্ষ দুই নেতা প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন।
সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ করেন।
ক্ষমতা গ্রহণের পর থেকে এশিয়ার শীর্ষ ও বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় দুই অর্থনীতি প্রধানের এটিই প্রথম বৈঠক। এই বৈঠক দুই দেশের বৈরী অবস্থা অবসানে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আঞ্চলিক প্রতিযোগীতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনে জাপানি দখলদারিত্ব ও গত দুই বছর ধরে কয়েকটি জনহীন দ্বীপের মালিকানা নিয়ে চীন-জাপানের বিরোধ আরো প্রকাশ্য রূপ নিয়েছে।
এই পরিস্থিতিতে গত তিনদিন ধরে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনায় দ্বীপ নিয়ে বিরোধ তুলে রেখে সম্পর্কোন্নয়ন বিষয়ে সমঝোতা হয়। এরই পথ ধরে বেইজিংয়ে অ্যাপেক সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠকে মিলিত হয়েছেন, জানিয়েছে জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০-১১ নভেম্বর বেইজিংয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগীতা (অ্যাপেক) সম্মেলন চলাকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকের মিলিত হওয়ার প্রস্তাব দেন জাপানি প্রধানমন্ত্রী।
এ বিষয়ে চীনের বেশ কয়েকটি দাবির প্রতি জাপানের নমনীয় মনোভাবের পর আলোচনার পথ প্রশস্থ হয়। শুক্রবার দুই দেশের শীর্ষ কূটনৈতিক পর্যায়ের বৈঠকের পর র্শীর্ষ পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ।
