ইরাকি বাহিনীর দখলে বাইজির অধিকাংশ
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছ থেকে বাইজি শহরের অনেকাংশ পুনর্দখল করেছে ইরাকের সেনাবাহিনী। এ শহরেই ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারটি রয়েছে।
কর্মকর্তারা জানান, সেনারা এরই মধ্যে শহরটির অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
জুনে বাইজির তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিয়েছিল আইএস।
ইরাকি সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, সরকারি বাহিনী দক্ষিণ ও পশ্চিম দিক থেকে বাইজি শহরে প্রবেশ করেছে। তারা আল-তামিমের আশেপাশের এলাকা এবং সিটি সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে।
আইএস’র বিরুদ্ধে যুদ্ধে ইরাকের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার ব্যবহার করেছে বলেও জানান তিনি।
বেশ কয়েক ঘণ্টা ধরে এ যুদ্ধ চলেছে বলে রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সালাহুদ্দিন প্রদেশের ডেপুটি গভর্নর জসিম আল-আত্তিয়া বিবিসি’কে বলেন, “ইরাকের নিরাপত্তা বাহিনী ও সেনা সদস্যরা তেল শোধনাগারটি ঘিরে ফেললে আইএস জঙ্গিরা আটকা পড়ে যায়।”
ইরাকের সরকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরে ধীরে বাইজি শহরের দখল নিচ্ছে। রাস্তা পাশে পুঁতে রাখা বোমা ও গাড়ি বোমা হামলা এড়িয়ে যেতেই তারা তা করছে বলে জানান আত্তিয়া।
শুক্রবার বাইজির দিকে অগ্রসর হতে থাকা ইরাকের সেনাবাহিনীর একটি গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। ওই হামলায় শীর্ষ পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফয়সাল মালিক আল-জামিলও নিহত হন।
আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্রবাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, শনিবার মসুল শহরের কাছে আইএস নেতাদের একটি সমাবেশে বিমান হামলা চালিয়েছে মিত্র জোট। হামলায় আইএস এর একটি গাড়ি বহর ধ্বংস হয়ে গেছে।
