এশীয় স্বপ্ন বাস্তবায়নের আহ্বান চীনা প্রেসিডেন্টের
অর্থনীতির প্রাণচাঞ্চল্য বৃদ্ধি, অবাধ বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ বাড়ানোর মাধ্যমে এশীয়-প্রশান্ত মহাসগারীয় অঞ্চলের স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
রোববার দেশটির রাজধানী বেইজিংয়ে এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন’র (অ্যাপেক) সিইও শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
৮ থেকে ১০ নভেম্বর ব্যাপী এ সম্মেলনে অ্যাপেক সদস্য ২১টি দেশের ও অন্যান্য ১৭টি দেশ ও অঞ্চলের দেড় হাজার ব্যবসায়ী অংশগ্রহণ করছেন বলে জানিয়েছে সিনহুয়া।
শি বলেন, “আমাদের অঞ্চলের উন্নয়নের বিষয়টি আজ আমরা যে সব সিদ্ধান্ত ও পদক্ষেপ নেব, তার উপর নির্ভর করছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের জন্য স্বপ্ন নির্মাণ ও বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।”
তিনি বলেন, এই স্বপ্ন হল এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিবাসীদের প্রাণশক্তিকে ধারণ করে যৌথ ভবিষ্যৎ গড়ে তোলা।
অর্থনীতির প্র্রাণচাঞ্চল্য আরো বৃদ্ধি, অবাধ বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, উন্নত সড়কপথ এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় বিনিময়ের মাধ্যমে এই প্রাণশক্তিকে ব্যবহার করা যাবে বলে মত প্রকাশ করেন তিনি।
এটি অর্জন করতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থার ভিত্তিতে, পরস্পরের লাভের ভিত্তিতে যৌথভাবে একটি অবাধ অর্থনীতি গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেন শি।
