ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে আরো ১৫০০ সেনা পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ইরাকিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার জন্য দেশটিতে মোতায়েন যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা প্রায় দ্বিগুণ হবে।
ওবামার এই সিদ্ধান্তের ফলে ইরাকে যুক্তরাষ্ট্র সেনাদের উপস্থিতি ও ভৌগলিকভাবে তাদের বিস্তৃতি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এদের একটি অংশ ইরাকের পশ্চিম আনবার প্রদেশে আইএস’র সঙ্গে যুদ্ধরত ইরাকিদের পরামর্শক হিসেবে প্রথমবারের মতো সেখানে যাবে।
হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, “নতুনভাবে ইরাকিদের প্রশিক্ষণ ও অস্ত্র সজ্জিত করতে কংগ্রেসের কাছে ১.৬ বিলিয়ন ডলার চাওয়া হবে।”
হোয়াইট হাউজের এই প্রস্তাব নিয়ে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের কাছে কর্তৃত্ব হারানো ডেমক্রেটদের ঝামেলায় পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনে মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেছেন, অতিরিক্ত প্রথম সেনাদল ইরাক রওয়ানা হওয়ার আগেই এই তহবিল দরকার।
কিরবি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব তহবিল প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই তহবিল ৫.৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত ব্যয় সংক্রান্ত আরো বড় ধরনের তহবিল অনুরোধের অংশ বলে জানা গেছে।
২০১১ সালে ইরাকে মোতায়েন যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করে নিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। কিন্তু ইরাকে আইএস’র অগ্রযাত্রায় শঙ্কিত হয়ে চলতি বছরের মাঝামাঝি থেকে আবার দেশটিতে প্রশিক্ষণ ও পরামর্শের জন্য উপদেষ্টা সেনা পাঠানো শুরু করেন ওবামা।
