২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনকে হত্যাকারীর পরিচয় প্রকাশ

পাকিস্তানে লুকিয়ে থাকা আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার মিশনে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের নেভি সিলের এক সদস্যের নাম-পরিচয় প্রকাশ পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 10:31 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চৌকষ একটি দল ওসামা বিন লাদেনকে হত্যার মিশনে অংশ নেয়। তবে অভিযানে অংশ নেয়াদের নাম-পরিচয় এতোদিন গোপনই রাখা হয়েছিল।

ব্রিটেনের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার খবরে বলা হয়, বিন লাদেনকে হত্যাকারী ৩৮ বছর বয়সী রব ও’নিল। ১৬ বছরের কর্মজীবন শেষে সম্প্রতি নেভি সিল ছেড়ে গেছেন তিনি।

চলতি মাসের শেষ দিকেই ফক্স নিউজে ওই সেনা সদস্যের সাক্ষাৎকার প্রকাশ করা হতে পারে। তবে নিলের বাবা টম বুধবারই মেইল অনলাইনের কাছে ছেলের পরিচয় প্রকাশ করেন।

টম বলেন, ২০১১ সালে তার ছেলে পাকিস্তানে এক গোপন অভিযানে গিয়ে আল-কয়েদা প্রধানকে খুব কাছ থেকে পর পর তিনটি গুলি করে। গুলি তার কপাল ভেদ করে।

ওই বছরের ২ মে যুক্তরাষ্ট্রের আকাশ, সমুদ্র ও পদাতিক বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনীর ২৩ জন সদস্য অভিযানে অংশ নিয়েছিল। তবে ও’নিলই লাদেনকে জীবিত দেখা সর্বশেষ ব্যক্তি।

সেই সময়কার তল্লাশির তালিকায় শীর্ষে থাকা এই আল কায়েদা নেতার হত্যাকাণ্ডের বিবরণ সম্পর্কে এতোদিন অস্পষ্টতা ছিল। কে লাদেনকে হত্যা করেছে, অভিযানে কতজন অংশ নিয়েছিল, বিন লাদেনই বা কার হাতে নিহত হন এসব ছিল এতোদিনের জিজ্ঞাসা।

গত বছরও একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিলেন ও’নিল। তবে সেখানে নিজের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।

তবে এবারের সাক্ষাৎকারে নিজের নাম প্রকাশের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি।

নিজের অভিযান সম্পর্কে তিনি বলেন, “আমি অতটা ধার্মিক না। তবে সব সময় আমার মনে হত পৃথিবীতে বিশেষ কিছু করার জন্য আমার আগমন। ওই মিশনের পরই বুঝলাম সেটা কি ছিল”।

কর্মজীবনে ইরাক, আফগানিস্তানে চারশ’রও বেশি অভিযানে অংশ নিয়েছিলেন ও’নেইল। নিজের কৃতিত্বের জন্য সেনাবাহিনীর তৃতীয় সম্মানজনক উপাধি ‘টু সিলভার স্টার’ পান ও’নিল।

মেয়াদ শেষ হওয়ার আগেই নেভি সিল থেকে চলে যাওয়ায় কিছু সামরিক সুযোগ সুবিধা হারানোর কারণে ক্ষুব্ধ হয়ে ওই অভিযানের কথা প্রকাশ করেন ও’নেইল। যদিও তার এধরনের তথ্য প্রকাশ করার কথা ছিল না। ২০ বছর চাকরি করার কথা থাকলেও ১৬ বছর পর তিনি নেভি সিল ইউনিট ছাড়েন।