২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

নিজ দলের কয়েকজন সদস্যসহ পার্লামেন্ট সদস্যদের ভোটে পদচ্যুত হয়েছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নরোভ আলতানখুয়াগ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2014, 02:23 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

তার বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থা, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছিল বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

বুধবার এক বিশেষ অধিবেশনে পার্লামেন্টের ৬৬ জন সদস্যের মধ্যে ৩৬ জন প্রধানমন্ত্রীকে অপসারণের পক্ষে ভোট দেন। ১০ জন সদস্য ভোটদানে বিরত থাকেন।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত উপপ্রধানমন্ত্রী দেনদেভ তারবিশদাগভা অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন।

সম্প্রতি মঙ্গোলিয়াতে রাজনৈতিক অস্থিরতা চলছে। প্রধানমন্ত্রীকে অপসারণ সেই অস্থিরতারই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে।

কয়লাখাতের ভর্তুকির অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আলতানখুয়াগের ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধেও তদন্ত চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে খনিজ সমৃদ্ধ মঙ্গোলিয়ায় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। কিন্তু সম্প্রতি অর্থনীতির বিকাশ হঠাৎ করেই গতি হারিয়ে মূল্যস্ফীতি দেখা দিয়েছে।

গেল কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি মন্ত্রণালয় নিজের অধীনে নিয়ে নেন প্রধানমন্ত্রী আলতানখুয়াগ। এতে মন্ত্রিসভায় ধূমায়িত অসন্তোষের মুখে সাতজন মন্ত্রী পদত্যাগ করেন।

পরিস্থিতির সুযোগ নিয়ে বিরোধীদল আলতানখুয়াগকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের ডাক দেয়। এতে সাড়া দিয়ে প্র্রধানমন্ত্রীর নিজ দলের কয়েকজন সদস্যসহ বিরোধীরা আলতানখুয়াগকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন।