২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটিং মেশিন-আইডি সমস্যায় যুক্তরাষ্ট্রের নির্বাচন

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোটিং মেশিনের সমস্যা ও জাতীয় পরিচয়পত্র নিয়ে সৃষ্ট জটিলতায় ভুগেছেন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যের ভোটাররা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে ইতোমধ্যেই সিনেটে রিপাবলিকানদের বিজয় ঘোষিত হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধী এই পক্ষই এগিয়ে রয়েছে।

এতে প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছর ওবামাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

বুধবার ভোটের ফল ঘোষণা করা শুরু হলেও মঙ্গলবার নির্বাচনের সময় অনেক এলাকায়ই ভোটিং মেশিনের সমস্যায় ভোট গ্রহণ বিঘ্নিত হয়েছে। পরিচয়পত্রে প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোট দিতে পারনেনি বলে অভিযোগ করেছেন এবং করছেন বহু নাগরিক।

কর্মকর্তা ও নির্বাচন পর্যবেক্ষকরা টেক্সাসে ও উত্তর ক্যারোলাইনায় ভোটিং মেশিন কাজ না করায় নির্বাচন বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন। ফ্লোরিডার গুরুত্বপূর্ণ একটি পল্লী এলাকায় ভোটিং মেশিনের সমস্যার কারণে ভোট গ্রহণ অনেকক্ষণ বন্ধ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

এখানে ডেমক্রেট দলীয় প্রার্থী ভোট গ্রহণের সময় দুঘণ্টা বাড়ানোর আবেদন জানালেও তাতে কর্ণপাত করেননি নির্বাচন কর্মকর্তারা।

উত্তর ক্যারোলাইনার একটি ইলেক্টোরাল এলাকায় ভোটারদের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করলে ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয় বলে অভিযোগ করেছে রাজ্য ডেমক্রেটিক পার্টি।

কলম্বাস কাউন্টিতেও ভোটিং মেশিন কাজ না করায় নির্বাচন বিঘ্নিত হয়। পরে মেশিন ঠিক করে ভোট গ্রহণ শুরু করা হয় বলে জানিয়েছেন এক পর্যবেক্ষক।

নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী ‘ইলেকশন প্রোটেকশন’র এক মুখপাত্র জানিয়েছেন, পূর্ব উপকূলের স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগের ১৫ হাজারটি কল পেয়েছেন।

২০১০ সালে এই সংখ্যা ১৩ হাজার ছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

‘কমন কস’ নামের আরেক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, টেক্সাসের ৪৫ থেকে ৫০টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন তারা। এসব কেন্দ্রের অনেকগুলোতে ভোটিং মেশিন ঠিকমতো কাজ না করায় ভোট গ্রহণ শুরু করতে দেরি হয় বলে জানিয়েছেন তারা।

শিকাগোতে ২ হাজার নির্বাচনী পর্যবেক্ষককে একটি ভুয়া টেলিফোন কলের মাধ্যমে জানানো হয়, বাড়তি কয়েকটি প্রশিক্ষণ না থাকার কারণে অযোগ্য হওয়ায় তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না।

তারা নির্বাচন পর্যবেক্ষণে বিরত থাকার পর কলটি ভুয়া ছিল বলে জানতে পারেন। শিকাগোর ডেমক্রেটিক এবং রিপাবলিকান, উভয় দলের কর্মকর্তারাই এই কলের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।