২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানিতে আইএস-পেশমেরগা বাহিনীর লড়াই

কোবানিতে ইরাকি কুর্দি পেশমেরগা যোদ্ধারা এবং সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীরা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থানের ওপর গোলাবর্ষণ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2014, 03:41 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

সোমবারের এই গোলাবর্ষণের পরও সিরিয়ার অবরুদ্ধ এই শহরটিতে নতুন ওই দুই বাহিনীর উপস্থিতি কোবানির যুদ্ধের মোড় ঘুরাতে পেরেছে কিনা তা অস্পষ্টই রয়ে গেছে।

এক মাসেরও বেশি সময় ধরে সিরীয় সীমান্ত শহর কোবানি অবরুদ্ধ করে রেখেছে আইএস জঙ্গিরা। সিরীয় কুর্দি যোদ্ধাদের প্রাণপণ প্রতিরোধের কারণে শহরটির দখল নিতে পারেনি এই জঙ্গিগোষ্ঠীটি।

অপরদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা গোষ্ঠীটির অগ্রগতি রোধ করতে পারলেও এদের অবরোধ ভাঙতে পারেনি।

এমন এক অবস্থায় কোবানির প্রতিরোধ যোদ্ধাদের সহায়তায় ইরাকি কুর্দিদের পেশমেরগা বাহিনীর একটি ও সিরিয়ান ফ্রি আর্মির (এফএসএ) অপর একটি দল শহরটিতে এসে উপস্থিত হয়েছে।

পেশমেরগা ও এফএসএ’র মিলিত বাহিনী শহরটির পশ্চিমে আইএস’র অবস্থানের ওপর কামান ও মর্টার গোলা হামলা চালিয়েছে। সেখানে থেকে ঘন সাদা ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র সেনাবাহিনী জানিয়েছে, তারা রোববার ও সোমবার কোবানিসহ সিরিয়ায় আইএস’র অবস্থানের ওপর পাঁচবার এবং ইরাকে গোষ্ঠীটির অবস্থানের ওপর নয়বার বিমান হামলা চালিয়েছে। শুক্রবার রাতে তুরস্ক হয়ে ১৫০ জন পেশমেরগা যোদ্ধা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে কোবানিতে প্রবেশ করেছে। তুর্কি সরকারের অনুমতিক্রমে প্রথমবারের মতো এই যোদ্ধারা কোবানির প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা করতে সেখানে যেতে পেরেছে। কোবানির প্রধান কুর্দি প্রতিরোধ বাহিনী ওয়াইপিজি’র এক কমান্ডার মরিয়ম কোবানি বলেছেন, “(তাদের) ভারী অস্ত্র আমাদের শক্তি বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। এই মুহূর্তে তারা প্রধানত পশ্চিমা ফ্রন্টে লড়াই করছেন। সেখানে তাদের পাশাপাশি এফএসএ’র যোদ্ধারাও রয়েছেন।” শহরের পূর্বাংশ ও দক্ষিণাংশেও আইএস জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি। কোবানি থেকে সাংবাদিক এর্সিন কাকসু জানিয়েছেন, ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের সরকারি নিরাপত্তা বাহিনী পেশমেরগার যোদ্ধাদের সিরীয় কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের পেছনে মোতায়েন করা হয়েছে, এই অবস্থান থেকে তারা কামান ও মর্টারের গোলা নিক্ষেপের করে প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা করছেন। দক্ষিণ ও পূর্বে নতুন বাহিনী মোতায়েন করে শক্তিবৃদ্ধি না করায় সেখানে লড়াই ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন কাকসু।