পশ্চিম আফ্রিকার জন্য সিঙ্গাপুরের নতুন ভিসা নীতি
পশ্চিম আফ্রিকার তিন দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের নাগরিকদের জন্য ৫ নভেম্বর থেকে অস্থায়ী ভিসা পদ্ধতি চালু করছে সিঙ্গাপুর।
নতুন এ ব্যবস্থায় ওই তিন দেশের নাগরিকদের এখন সিঙ্গাপুরে প্রবেশ করতে ভিসা লাগবে।
ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতামূলক পদক্ষেপের আওতায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০০৩ সালে সিঙ্গাপুরে সার্স ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ইবোলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪,৯০০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সিঙ্গাপুরে এখন পর্যন্ত দুইজনের ইবোলা আক্রন্ত হওয়ার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। যদিও পরীক্ষার পর দুজনের কারো শরীরেই ইবোলা ভাইরাস পাওয়া যায়নি।
তদের একজন হলেন নাইজেরিয়া থেকে আগত এক নারী। পরে জানা যায়, ইবোলা আক্রান্ত কারো সংস্পর্শে তিনি আসেননি।
অন্যজনের জ্বর হলে জানা যায়, ইবোলার প্রাদুর্ভাব হয়েছে এমন একটি এলাকা তিনি ভ্রমণ করেছেন। যদিও শেষ পর্যন্ত তার শরীরেও ইবোলা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া ইবোলার প্রাদুর্ভাব ঘটা দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা বাতিল করার ঘোষণা দেয়।
একারণে সিয়েরা লিওন সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কড়া ভাষায় তাদের সমালোচনা করেছে।
