২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসফরাস প্রণালীতে নৌকাডুবে নিহত ২৪

ইস্তাম্বুলের বসফরাস প্রণালীতে ডুবে যাওয়া একটি নৌকার অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো বেশ কয়েক জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2014, 03:22 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সোমবার উদ্ধার করা এসব মৃতদেহ অবৈধ অভিবাসীদের বলে ধারণা করছে তুরস্কের গণমাধ্যমগুলো। এ পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রণালীতে যে নৌকাটি ডুবেছে তাতে ৪২ জন অবৈধ আফগান অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে ১২ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। নৌকাটির ক্যাপ্টেন তুরস্কের বলে জানিয়েছে হুরিয়াত নিউজ ওয়েবসাইট।

বসফরাস প্রণালী ও কৃষ্ণ সাগরের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। এ অঞ্চল দিয়ে অভিবাসীবাহী নৌকা সচরাচর চলে না বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।

তুরস্কের উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ বাহিনীর সাতটি যান এবং একটি হেলিকপ্টার কৃষ্ণ সাগরের তিন মাইল এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

হুরিয়াত নিউজ ওয়েবসাইটে উদ্ধারকর্মী আলি সারুহান বলেন, “ঝড়ো বাতাস আমাদের কাজ অনেক কঠিন করে দিচ্ছে। নৌকাটি খুবই ছোট ছিল… আর সেখানে ৪০ জন মতো যাত্রী ছিল। আমরা সমুদ্রের পানিতে শিশুদের মৃতদেহ ভাসতে দেখেছি।”

পানি থেকে মৃতদেহ উদ্ধারের কাজে সাহায্য করা একজন জেলে জানান, ডুবে যাওয়া নৌকার যাত্রীদের কারোই লাইফ জ্যাকেট ছিল না।

জেলেরাই নৌকাটির ডুবে যাওয়ার খবর স্থানীয় কর্মকর্তাদের জানান। তবে ঠিক কি কারণে নৌকাটি ডুবে গেলো যেটা এখনো পরিস্কার নয়।

ওই শরণার্থীরা রোমানিয়ায় প্রবেশের চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করছেন ইউরোপিয় ইউনিয়নের একজন সদস্য।

দুই মাস আগেও তুরস্কের উপকূলরক্ষী বাহিনী ইস্তাম্বুলের উত্তর উপকূল থেকে একদল অভিবাসীকে উদ্ধার করে, যাদের অধিকাংশই সিরিয়া ও আফগানিস্তানের নাগরিক ছিলেন।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সেখানকার প্রচুর শরণার্থী অবৈধ পথে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাগর পেরিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করছে।

অতিরিক্ত যাত্রী বোঝাই, নড়বড়ে নৌযান ও খারাপ আবহাওয়ার কারণে এই সব অসহায় মানুষকে প্রায়ই সাগরে ডুবে প্রাণ হারাতে হয়।

গত বছর ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে এরকম একটি দুর্ঘটনায় কয়েকশ অভিবাসীর মৃত্যু হওয়ার পর ইউরোপিয় ইউনিয়নের কাছে সাগরে নজরদারি বাড়ানোর আহ্বান জানায় ইতালি ও গ্রিসের মতো দেশ। কিন্তু এরপরও এই সব অবৈধ অভিবাসীদের থামানো যাচ্ছে না।