২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোয় ‘অন্তর্বর্তী সরকারের’ প্রতিশ্রুতি

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কমপোরে পদত্যাগ করার পর ক্ষমতা দখল করা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 12:48 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

রোববার ক্ষমতা থেকে সেনবাহিনীর সরে দাঁড়ানোর দাবিতে দেশটির রাজধানী ঔগাদৌগৌ’তে কয়েক হাজার প্রতিবাদকারী বিক্ষোভ মিছিল করে।

প্রেসিডেন্টের বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার ঘোষণা দেয়া বিরোধী রাজনৈতিক জোটের এ কর্মসূচি ঠেকাতে রাজধানীর প্রধান চত্বর দ্য লা নেশনে ব্যারিকেড বসায় সেনাবাহিনী।

বিক্ষোভকারীদের লা নেশন চত্বর থেকে সরিয়ে দেয় তারা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে গুলিও করে সেনা সদস্যরা। বিরোধী রাজনৈতিক জোটের এই প্রতিবাদ কর্মসূচী চলাকালে অন্ততপক্ষে একজন নিহত হয়েছেন। বিরোধী দলীয় দুই নেতা সরন সিরেমি ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী কওয়ামি লউগু প্রতিবাদ মিছিল নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয়। তারা সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ শোনা যায় এবং স্টেশনের কর্মী ও বিক্ষোভকারীরা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুঁড়ে সেনা সদস্যরা। এরপর সাংবাদিকদেরও টেলিভিশন স্টেশন থেকে বের করে দেন তারা। এ সময় জাতীয় টেলিভিশনের সম্প্রচার কয়েক ঘণ্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সম্প্রচার আবার শুরু হয়। সন্ধ্যায় সামরিক সরকার প্রধান লেফটেনেন্ট কর্নেল আইজ্যাক জিদার সঙ্গে বিরোধীদলীয় জোট নেতাদের বৈঠক হয়। বৈঠকের পর সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, “ব্যাপকভিত্তিক সমঝোতার ভিত্তিতে সব উপাদান গ্রহণ করার মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।” ফরাসি ভাষায় সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, “ক্ষমতায় আমাদের আগ্রহ নেই, জাতীর বৃহত্তর কল্যাণই আমাদের কাম্য।” “আইনশৃঙ্খলা পরিস্থিতি” বজায় রাখতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া প্রয়োজন হয়ে পড়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। টেলিভিশন স্টেশনের বাইরে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলেও বিবৃতিতে স্বীকার করা হয়।