ভলিবল খেলা নিয়ে ইরানি-ব্রিটিশ নারীর কারাদণ্ড
পুরুষদের ভলিবল খেলা দেখার চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হয়ে এক বছরের কারাদণ্ডের সাজা পেয়েছে ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ এক নারী।
রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগে ২৫ বছর বয়সী গনচেহ গাভামীকে এ সাজা দেয় তেহরানের একটি আদালত। তার আইনজীবী একথা জানিয়েছেন।
২০ জুন আজাদী স্টেডিয়াম থেকে গ্রেপ্তার করা হয় গাভামীকে। নারীদের ইরান ও ইতালির মধ্যে অনুষ্ঠিত ভলিবল ম্যাচ দেখতে অনুমতি দেয়ার দাবি নিয়ে গাভামীসহ অন্যরা ওই স্টেডিয়ামে জড় হয়েছিলেন।
ইরান ২০১২ সালে নারীদের ভলিবল খেলা নিষিদ্ধ করেছে।পুরুষদের ফুটবল, ভলিবল খেলা দেখার ব্যাপারেও নারীদের ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আছে।
পুরুষ ভক্তদের আপত্তিকর আচরণ থেকে নারীদের সুরক্ষার যুক্তিতে ইরান কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করে।গাভামী এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে গ্রেপ্তার করে বিচার করা হয়।
তার সাজা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন।যুক্তরাজ্যের পররাষ্ট্র অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “রাষ্ট্র বিরোধী কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে গনচেহ গাভামীর ১২ মাসের কারাদণ্ড হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন।”
বর্তমানে ইরানে যুক্তরাজ্যের কোনো স্থায়ী দূতাবাস নেই।
জুনে গাভামীকে গ্রেপ্তারের পরপরই ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু কয়েক দিন পর তিনি তার জব্দ করা জিনিস ফেরত চাইলে তাকে আবারো গ্রেপ্তার করা হয়। অক্টোবরে গাভামী দুই সপ্তাহ অনশন করেন।
