২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ভোট দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা

ইউক্রেইনের পূর্বাঞ্চলে ভোট অনুষ্ঠান করছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। পশ্চিমারা এ ভোটকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 04:23 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত দুটো পিপলস রিপাবলিক দোনেস্ক এবং লুহান্সকে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইউক্রেইন সরকারসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ নির্বাচনকে স্বীকৃতি দিতে নাকচ করলেও রাশিয়া এতে সমর্থন দিয়েছে।

অঞ্চলটিতে তুমুল সংঘর্ষের মধ্যে শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত ৭ ইউক্রেইনীয় সেনা নিহত হয়েছে।

পূর্ব ইউক্রেইনে কয়েকমাসের লড়াইয়ের পর দোনেস্ক এবং লুহান্সক বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে যায় এবং সেপ্টেম্বরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে লড়াই শেষ হয়।

বিদ্রোহী নেতারা স্বঘোষিত রিপাবলিক ঘোষণার কারণে গত সপ্তাহে ইউক্রেইনের আইনানুযায়ী জাতীয় নির্বাচনে অংশ নেয়নি।

দোনেস্ক ও লুহান্সক এর নির্বাচনের জন্য ৩০ লাখ ব্যালট ছাপা হয়েছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট এবং পার্লামেন্টসদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন বলে জানিয়েছেন নেতারা।

দোনেস্কের নির্বাচন কমিশনের প্রধান রোমান লাইয়াগিন বলেছেন, “ এ নির্বাচন গুরুত্বপূর্ণ। কারণ, এর মধ্য দিয়ে আমাদের ক্ষমতা বৈধতা পাবে এবং আমরা কিয়েভের কাছ থেকে আরো দূরত্ব বজায় রাখতে পারব”।