নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১৭, অপহৃত ৩০
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বন্দুকধারীদের উপর্যুপরি হামলায় অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ সময় ৩০ কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মাফ্ফা গ্রামে এসব হামলার ঘটনা ঘটেছে বলে মাফ্ফার স্থানীয় সরকার প্রধান শেত্তিমা মাইনা জানিয়েছেন।
এই এলাকাটি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের তৎপরতার অন্যতম কেন্দ্র বলেও জানিয়েছেন তিনি।
বন্দুকধারীরা রাজ্যের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত মাফ্ফায় তিনদিন ধরে হামলা চালায়। বৃহস্পতিবার হামলায় নিহতদের শুক্রবার দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শেত্তিমা।
তিনি বলেন, “নিহতদের প্রায় সবাই এনদোনগো গোষ্ঠীর লোক।”
“বন্দুকধারীরা একটি গোষ্ঠীর এলাকা অধিকার করে নেয়ার পর সেখান থেকে ১৩ বছরের ঊর্ধের সব কিশোরকে অপহরণ করে তাদের ঘাঁটিতে নিয়ে যায়,” বলেন তিনি।
অপহৃত এসব কিশোরকে বিদ্রোহী বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শেত্তিমা।
আবার হামলার শিকার হতে পারেন ও সন্তানদের হারাতে পারেন এমন আশঙ্কায় ওই এলাকার অনেক বাসিন্দা রাজ্যের প্রধান শহর মাইদুগুরিতে পালিয়ে গেছেন বলেও জানিয়েছেন তিনি।
