দিল্লি জামে মসজিদের ইমামের গায়ে আগুন দেওয়ার চেষ্টা
ভারতের দিল্লি জামে মসজিদের শাহী ইমামের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
দিল্লির বিশেষ পুলিশ কমিশনার দীপক মিশ্র জানান, রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাগরিবের নামাজ পড়ার মধ্যেই এ হামলার শিকার হন সৈয়দ আহমেদ বুখারী।
তার দেহরক্ষীরা হামলাকারী কামালুদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দেয়। শাহী ইমাম আহমেদ বুখারী অক্ষতই আছেন।
আটক কামালুদ্দিনের বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনায়। তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ বলে প্রাথমিভাবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় নামাজের মধ্যে হঠাৎ করেই কামালুদ্দিন ইমামের পেছনে এসে তার মাথায় কেরোসিন ঢেলে দেন। এর পরপরই তিনি লাইটার জ্বালানোর চেষ্টা করেন। এরই মধ্যে ইমামের দেহরক্ষীরা ছুটে আসেন এবং হামলাকারীকে ধরে পুলিশে খবর দেন।
দীপক মিশ্র বলেন, “সৌভাগ্যক্রমে সে আগুন জ্বালাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, ইমামের ওপর হামলার জন্যই ট্রেনে করে দিল্লী এসেছে সে।”
তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
দিল্লীর জামে মসজিদের শাহী ইমামের পদ থেকে শিগগিরই অবসরে যাবেন সৈয়দ বুখারী।বংশানুক্রমিক ওই পদের অধিকারী হতে যাচ্ছেন তার ১৯ বছরের ছেলে শাবান।
