দিলমা রৌসেফেই আস্থা ব্রাজিলের
দ্বিতীয় দফার ভোটে ৫১ শতাংশ ভোট পেয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দিলমা রৌসেফ।
রোববার কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ করা হয়।
এতে দিলমার প্রতিদ্বন্দ্বী মধ্যডানপন্থি প্রার্থী অ্যাসিও নেভেস পেয়েছেন ৪৮ শতাংশ ভোট, দাপ্তরিক গণনার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
বিজয়ী ভাষণে রৌসেফ বলেছেন, তিনি এখন পর্যন্ত যেমন আছেন তার চেয়েও আরও ভালো প্রেসিডেন্ট হতে চান।
সরকারি খাতের দুর্বলতা, ফুটবল বিশ্বকাপ আয়োজনে রেকর্ড পরিমাণ ব্যয় ও দুর্নীতির অভিযোগে গত বছর ব্যাপক বিক্ষোভ মোকাবিলা করেন রৌসেফ।
কিন্তু সরকারি কল্যাণমূলক কর্মসূচীর কারণে দরিদ্রদের মাঝে ব্যাপক জনপ্রিয় তার ওয়ার্কাস পার্টির (পিটি) সরকার। মূলত তাদের ভোটের ওপর ভর করেই দ্বিতীয়বার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রৌসেফ।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে ব্রাজিলের জনমত সামজিক শ্রেণি ও ভৌগলিক অবস্থান বিবেচনায় মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির মাঝে প্রেসিডেন্ট রৌসেফের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রথম দফার ভোটে এই অঞ্চল থেকে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি।
অপরদিকে উচ্চ কর ও পেট্রোলের দাম নিয়ন্ত্রণ করার সরকারি নীতিতে বিরক্ত দক্ষিণপশ্চিমাঞ্চলের উচ্চবিত্তরা ব্যবসাবান্ধব প্রার্থী নেভেসের পক্ষ নিয়েছিলেন।
এই কারণে নির্বাচনে জয় পাওয়ার পরই “ব্রাজিলের ভবিষ্যতের জন্য একতাবদ্ধ” হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন রৌসেফ।
তার নির্বাচনী প্রচারণায় ব্যাপক অবদান রাখার জন্য তিনি সাবেক প্রেসিডেন্ট লুলা ও দলের কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আাগে ৫ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছিল।
ওই পর্বে পিটি’র প্রার্থী প্রেসিডেন্ট রৌসেফ ৪১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাসি পার্টি অব ব্রাজিল (পিএসডিবি) এর নেভেস ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।
প্রথম দফায় কোনো প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন না করায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফায় এগিয়ে থাকা দুই প্রার্থী রৌসেফ ও নেভেসের মধ্যেই চূড়ান্ত পর্বের প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল।
