আফগান যুদ্ধাভিযান শেষ করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
শেষ ঘাঁটি হস্তান্তরের মধ্য দিয়ে আফগানিস্তানে যুদ্ধাভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
যুক্তরাজ্য তাদের শেষ ঘাঁটি ক্যাম্প ব্যাসন আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। অন্যদিকে, এর সঙ্গেই জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের শেষ ঘাঁটি ক্যাম্প লেথারনেকও আফগানিস্তানের হাতে ছেড়ে দেয়া হয়েছে।
আফগানিস্তানে যুক্তরাজ্যের সেনা প্রবেশ করেছিল ২০০১ সালে। যুদ্ধাভিযানে এ পর্যন্ত ৪৫৩ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র যুদ্ধাভিযানে ২ হাজার ৩৪৯ সেনা খুইয়েছে।
যুদ্ধাভিযানের ইতি টেনে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফেলোন বলেন, ২০০১ সালে সেনারা আফগানিস্তানে পৌঁছার পর অনেক ভুলত্রুটির মধ্য দিয়েও এ পর্যন্ত অনেক কিছুই অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “হেলমান্দে যুদ্ধাভিযান শেষের ঘোষণা দিতে পারাটা গৌরবের ব্যাপার। এর মধ্য দিয়ে আফগানিস্তান স্থিতিশীল ভবিষ্যৎ গড়ার ভাল সুযোগ পাবে”।
ফেলোন আরো বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী চরম ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করে তোলার ভিত গড়ে দিয়েছে। এই নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং এখান থেকে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি বন্ধ করা গেছে”।
ওদিকে, মার্কিন নেতৃত্বধীন কোয়ালিশনের কর্মকর্তারা বলেন, আফগান বাহিনী এখন নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখভাল করবে এবং তারা সফলতার সঙ্গেই তা পারবে বলে আশা করছেন তারা।
আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল ইয়ো বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সফলতা নির্ভর করছে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামরিক রসদ সরবরাহসহ আনুষাঙ্গিক সবকিছুর উন্নতির ওপর।
