ইন্দোনেশিয়ার দায়িত্ব নিচ্ছেন জোকো উয়িদোদো
জুলাইয়ের অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জোকো উয়িদোদো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করছেন।
জোকোউয়ি নামে পরিচিত ৫৩ বছর বয়সী এই জনপ্রিয় নেতা সোমবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন বলে জানিয়েছে বিবিসি।
রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনে শপথ গ্রহণের এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট উপস্থিত থাকবেন।
জাকার্তার সাবেক গভর্নর উয়িদোদো হবেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট, যিনি দেশটির সামরিক বাহিনী বা রাজনৈতিক অভিজাতদের কেউ নন।
শপথ গ্রহণের পর ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লাকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট উয়িদোদো ঘোড়ায় টানা গাড়িতে চড়ে রাজধানীতে ঘুরে বেড়াবেন।
নিরাপত্তা জন্য রাজধানী জুড়ে ২৪ হাজার পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
উয়িদোদো’র শপথ গ্রহণ উপলক্ষে জাকার্তা জুড়ে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন বিবিসি ইন্দোনেশিয়ার সম্পাদক কারিশ্মা ভাসানি।
সোমবার রাতে রক ব্যান্ডগুলোর উন্মুক্ত এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠান মঞ্চে অভিষিক্ত প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
রোববার ইন্দোনেশিয়ার বিদায়ী প্রেসিডেন্ট সুসিলো বামবাঙ য়ুধোয়োনো’র সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে দেখা করেছেন উয়িদোদো। বামবাঙ এ সময় উয়িদোদো’কে প্রেসিডেন্ট প্রাসাদ ঘুরিয়ে দেখান।
