থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশি ‘ক্রীতদাস’
অপহরণের পর ক্রীতদাস হিসাবে বিক্রির জন্য জাহাজ যোগে থাইল্যান্ডে নিয়ে যাওয়া বহু বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার বিবিসি জানিয়েছে, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে এসব বাংলাদেশিকে প্রলুব্ধ করা হয়েছিল, পরে তাদের আটক করে অপহরণ করা হয়।
থাইল্যান্ড সরকার জানিয়েছে, তারা ‘দাস ব্যবসা’ রোধ করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
বিবিসি ওই প্রতিবেদনে বাংলাদেশিদের উদ্ধারের কথা বললেও তাদের পরিচয় প্রকাশ করেনি।
এর আগে গত শনিবার দক্ষিণ থাইল্যান্ডের একটি রাবার বাগান থেকে বাংলাদেশ ও মিয়ানমার থেকে যাওয়া ৫৩ জনকে উদ্ধার করে থাই পুলিশ। ওই সময় মানব পাচারের অভিযোগে দুই থাই নাগরিককেও গ্রেপ্তার করা হয়।
রাবার বাগানে আকস্মিকভাবে আবিষ্কৃত হওয়ার পর এদের উদ্ধার করা হয়।
থাই কর্মকর্তারা জানিয়েছিলেন, উদ্ধার ৫৩ জনের অধিকাংশই মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য।
এর আগে থাইল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের একটি প্রত্যন্ত দ্বীপ থেকে আরও ৭৯ জনের একটি দলকে উদ্ধার করা হয়েছিল।
বিশ্বের তৃতীয় বৃহত্তম সি-ফুড রপ্তানিকারী দেশ থাইল্যান্ড মৎস্য শিল্পে স্থানীয় শ্রমিক সঙ্কটের কারণে প্রতিবেশী এসব দেশের শ্রমিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
এসব বিদেশি শ্রমিকদের আটক রেখে ক্রীতদাসের মতোই ব্যববহার করা হয় বলে অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো।
