আফগানিস্তানে দুই হাক্কানি নেতা গ্রেপ্তার
আফগান নিরাপত্তা বাহিনী হাক্কানি জঙ্গি গোষ্ঠীর দুই ঊর্ধ্বতন নেতাকে গ্রেপ্তার করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি সমন্বিত বন্দুক ও বোমা হামলার পেছনে জড়িত এই জঙ্গি গোষ্ঠীটি।
আফগান কর্মকর্তারা বলেছেন, নেটওয়ার্কটির প্রতিষ্ঠাতার ছেলে আনাস হাক্কানি এবং দলটির কমান্ডার হাফিজ রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।
হাক্কানি নেতারা পাকিস্তানের আদিবাসী এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছিল। তবে কয়েকটি খবরে বলা হয়েছে, সেখানে সম্প্রতি শুরু হওয়া সেনা অভিযানের মুখে অনেকেই আফগানিস্তানে পালিয়েছিল।
তবে হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি এখনো পাকিস্তানেই আছেন বলে ধারণা করা হচ্ছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, আফগানিস্তানে আনাস হাক্কানি এবং হাফিজ রশীদকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার করা হয়। হাক্কানি গোষ্ঠীর কৌশল পরিচালনা এবং তহবিল সংগ্রহে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অন্যদিকে, হাফিজ রশীদ গোষ্ঠীটির একজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার।
