২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র তথ্য বিনিময়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সমঝোতা

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সমঝোতা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Oct 2014, 01:46 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

মঙ্গলবার প্যারিসে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে আলোচনা হয়।

ইউক্রেইনের সঙ্কট নিয়ে দেশ দুটির সম্পর্ক বিশ শতকের ঠাণ্ডা লড়াইয়ের পর সবচেয়ে নাজুক অবস্থায় এসে দাঁড়ালেও উভয়ের একই শত্রুর বিষয়ে সমঝোতায় ওই সমস্যা বাধ সাধেনি।

ল্যাভরভের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে দুই বিশ্ব শক্তির একসঙ্গে কাজ করার পথ বের করা তাদের “বৃহত্তর দায়িত্ব”।

কেরি জানান, আইএসআইএল’কে (আইএস) ধ্বংস করা ও শেষ পর্যন্ত পরাজিত করার প্রয়োজনীয়তার বিষয়ে ল্যাভরভ তার সঙ্গে একমত হয়েছেন। “আইএসআইএল যেসব ভয়ানক ঘটনা ঘটাচ্ছে কোনো সভ্য দেশই কোনো যুক্তিতে তা সমর্থন করতে পারে না, এবং এই রোগকে উৎপাটনে কোনো দেশই নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে না,” বলেন তিনি। তিনি জানান, আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে “গোয়েন্দা সহযোগিতা নিবিড়” করার বিষয়ে সমঝোতা হয়েছে। এছাড়া লড়াইরত ইরাকি সেনাবাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে রাশিয়া সহায়তা করতে পারবে কিনা, মস্কো তাও বিবেচনা করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন কেরি। তবে আইএস’র বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে রাশিয়া যোগ দিবে কিনা, এ বিষয়ে কিছু বলেননি কেরি।