২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণের পথ বাতলে নোবেল জয়

বাজারের ক্ষমতা ও তা নিয়ন্ত্রণের পথ বাতলে দিয়ে এ বছরের নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি অর্থনীতিবিদ জঁ ত্রিঞলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 06:36 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

তার গবেষণার ফলে বাজার নিয়ন্ত্রক ও প্রতিযোগী পক্ষগুলো নতুন করে বহু পথের সন্ধান পেয়েছে জানিয়ে ‘দ্য রয়াল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস’ এ পুরস্কার ঘোষণা করেছে।

অর্থনীতিতে নোবেলজয়ীদের গড় বয়সের তুলনায় ত্রিঞলা ৬ বছর কম বয়সেই এ পুরস্কার জিতলেন। তার বয়স ৬১ বছর।

বাজারে আধিপত্য বিস্তারকারী কোম্পানিগুলোকে সরকারের কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত গবেষণায় সে বিষয়টিতে আলোকপাত করেছেন জঁ ত্রিঞলা।

তাকেই এ সময়ের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিবিদ বলে অভিহিত করেছে সুইডিশ একাডেমি। ফ্রান্সে অর্থনীতিতে পড়াশোনার পর তিনি ডক্টরেড করেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজি(এমআইটি)থেকে।

১৯৯৪ সাল থেকে অর্থনীতিতে নোবেল জয়ে একাধিপত্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদদের। বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে অর্থনীতিতে নোবেল জয়ের এমন দৃষ্টান্ত সে তুলনায় খুবই কম।

বর্তমানে ফ্রান্সে কাজ করছেন ত্রিঞলা। অর্থনীতির নানা দিক নিয়ে তিনি কাজ করলেও মূলত অলিগোপলি বা কয়েকজন মাত্র উৎপাদক ও বিক্রেতার বাজারকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সর্বজনের হিতের জন্য তা ব্যবহারের পথ দেখানোয় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

নিয়ন্ত্রণহীন ওই ধরনের বাজারকে নিয়ন্ত্রণ করাসহ সরকার কিভাবে মোনোপলি নিয়ন্ত্রণ করতে পারে এ দুয়েরই উত্তর খুঁজেছেন ত্রিঞলা।

প্রচলিত ধারণায় দাম নিয়ন্ত্রণ করা, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর মধ্যে বোঝাপড়া বন্ধ করা কিংবা উৎপাদনের বিভিন্ন স্তরে থাকা সংস্থাগুলোর মধ্যে বোঝাপড়া করাটাই ছিল কাঙ্খিত পথ। কিন্তু এর সমস্যাগুলো ত্রিঞলা তুলে ধরেছেন।

শিল্পের ওপর প্রয়োগ করা যায় এমন কোনো নীতি নেই দেখিয়ে তিনি প্রতিটি শিল্পের জন্য আলাদা আলাদা নিয়ন্ত্রণ নীতি নেয়ার কথা বলেছেন। সেই নীতির মূল কাঠামো কি হবে তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন।

তার প্রদর্শিত এ পথে কোনো সংস্থার উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি অন্য সংস্থা ও ক্রেতাদের সুরক্ষা ব্যবস্থা করাও সম্ভব।

পুরস্কার বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন জঁ ত্রি্ঞলা। আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।