২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের স্বীকৃতি প্রশ্নে ব্রিটিশ পার্লামেন্টে ভোট

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রশ্নে সোমবার ভোটাভুটি করবে ব্রিটিশ পার্লামেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 05:26 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয়ার দৃষ্টিতে না দেখলেও বলেছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের শান্তি প্রক্রিয়ায় সহায়ক পদক্ষেপ হিসাবে যে কোনো সময়ই তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত।

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। এক লেবার আইনপ্রণেতার আনা এ প্রস্তাব নিয়েই ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে বিতর্ক হওয়ার কথা রয়েছে। সরকারের ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার উচিত কিনা বিতর্ক হবে সেটি নিয়ে।

লেবার পার্টির নেতাদের সমর্থনে লেবার আইপ্রণেতারা প্রস্তবাটির পক্ষেই ভোট দিতে পারেন। অন্যান্য পার্টির আইনপ্রণেতারা তাদের নিজ নিজ বিবেচনার ভিত্তিতে ভোট দেবেন। আর সরকারি মন্ত্রীরা ভোটদানে বিরত থাকবেন বলে মনে করা হচ্ছে।

তবে হাউজ অব কমন্সের ৬৫০ জন আইনপ্রণেতার বেশির ভাগই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এটি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই এবং সরকারকেও তাদের কূটনৈতিক অবস্থান পরিবর্তন করতে বাধ্য হতে হবে না।

সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ব্রিটেন শক্ত অবস্থান না নেয়ায় সোমবারের ভোটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব আনা হয়েছে।

এরই মধ্যে বিশ্বের অনেক দেশ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ সব দেশের তালিকায় সর্বশেষ যোগ হয়েছে সুইডেনের নাম। জাতিসংঘও ২০১২ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।