জয়ের পথে মোরালেস
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।
রোববারের নির্বাচনে নিজের বিশাল জয় ঘোষণা করেছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও বুথ ফেরত জরিপ ও দ্রুত ভোট গণনায় দেখা গেছে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে মোরালেস সহজ বিজয় অর্জন করতে যাচ্ছেন।
বলিভিয়ার প্রথম আদিবাসী প্রতিনিধি হিসেবে মোরালেস ২০০৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তারপর থেকে দেশটির তেল ও গ্যাসসহ প্রধান প্রধান শিল্প জাতীয়করণ করে নতুন রাস্তা ও স্কুল তৈরির মতো জনকল্যাণমূলক কাজে অর্থায়নের ব্যবস্থা করেন।
নিজের এই সংস্কার কর্মসূচীর নাম দেন “আদিবাসী সমাজতন্ত্র”।
প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দা থেকে উৎফুল্ল হাজার হাজার সমর্থকের উদ্দেশে মোরালেস বলেন, “এটি দুটি পদ্ধতির বিতর্ক : জাতীয়করণ ও বিরাষ্ট্রীয়করণ। জাতীয়করণ ৬০ শতাংশ (সমর্থন) পেয়ে জয়ী হয়েছে।”
লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক ও মার্কিনবিরোধী ব্লকের প্রথম সারির নেতা মোরালেস তার বিজয়কে কিউবার সাবেক কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ত্রোর প্রতি উৎসর্গ করেছেন।
“এই জয় সাম্রাজ্যবাদবিরোধী ও ঔপনিবেশিকতা বিরোধীদের জয়,” বলেন তিনি।
এ সময় প্রেসিডেন্ট প্রাসাদের আকাশে আঁতশবাজির ঝলকানির মধ্যে সমর্থকরা “ইভো, ইভো” বলে স্লোগান দিচ্ছিলেন।
প্রাকৃতিক গ্যাস সম্পদ থেকে আসা আয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করে ৫৪ বছর বয়সী এই নেতা বলিভিয়াজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত দেশটিকে স্থিতিশীল করে তোলেন।
অর্থনীতির সমাজতান্ত্রিক সংস্কারের মাধ্যমে দারিদ্র কমিয়ে আনেন এবং ব্যাপক রাষ্ট্রীয় অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক বিকাশের সূচনা করেন।
ইউনিটেল টেলিভিশনের বুথ ফেরত জরিপে দেখা যায়, মোট ভোটের ৬১ শতাংশ পেতে যাচ্ছেন মোরালেস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী স্যামুয়েল দোরিয়া মেদিনা পেতে যাচ্ছেন ২৪ শতাংশ।
স্থানীয় টেলিভিশন চ্যানেল এটিবি দ্রুত গণনার একটি ফলাফল প্রকাশ করে, তাতে দেখা যায় মোরালেস ৬০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।
