২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমায় প্রাদেশিক পুলিশ প্রধান নিহত

ইরাকে আনবার প্রদেশে রাস্তার ধারে পেতে রাখা বোমায় পুলিশ প্রধান নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:31 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

এছাড়াও রোববার বিভিন্ন শহরে বিচ্ছিন্ন বোমা হামলায় প্রায় অর্ধশত সরকারি বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে বিবিসি ও রয়টার্সের খবরে জানানো হয়েছে।

প্রাদেশিক রাজধানীতে কর্তব্যরত অবস্থায় জেনারেল আহমেদ সাদাক আল দুলাইমি হামলার শিকার হন ।

স্থানীয় নিরাপত্তাকর্মীরা রয়টার্সকে জানায়, আনবার প্রদেশের আল বুরিসা এলাকায় নিজের বহর নিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন পুলিশ প্রধান আহমেদ। তার গাড়িবহর লক্ষ্য করেই বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

আনবার প্রদেশকে আইএস জঙ্গিদের উত্থানস্থল ও শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে।

ওদিকে, দক্ষিণ দিয়ালা প্রদেশে অপর এক হামলায় কুর্দি বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছে। একইদিন বাকুবা এলাকায় অপর তিনটি বোমা হামলায় বেসামরিক নাগরিকসহ ২৫ জন নিহত হয়।

হাসপাতাল কর্মীরা জানান, বাকুবা থেকে ৮০ কিলোমিটার উত্তরে কারা কুবাহ এলাকায় এসব হামলায় নিহত হন আরো অন্তত ৬০ জন।

এছাড়া, দক্ষিণ বাকুবার দার আল দুবাত জেলায় দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও অন্তত ১০ জন আহত হন।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর বিমান হামলা ও ইরাকের সরকারপন্থি সেনাদের স্থল অভিযানের বিপরীতেও সাম্প্রতিক সময়ে দখলদারিত্ব এগিয়ে নিচ্ছে আইএস।

শনিবারও বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় অন্তত তিনটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে যাতে নিহত হন ৩৮ জন। চলতি সপ্তাহে এধরনের বোমা হামলায় ইরাকে অন্তত ৭৫ জন নিহত হয়।