হংকংয়ে আবারো জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা
হংকং সরকার দু’সপ্তাহের অচলাবস্থার মধ্যে ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা বাতিল করার একদিন পর শুক্রবার আবার নতুন করে শহরের কেন্দ্রস্থলে জড়ো হতে শুরু করেছে হাজার হাজার বিক্ষোভকারী।
হংকংয়ের উপনেতা কেরি ল্যাম বলেছেন, ছাত্ররা বিক্ষোভ বন্ধে রাজি না হওয়ায় ‘গঠনমূলক সংলাপ’ অসম্ভব হয়ে পড়েছে।
২০১৭ সালে পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে সম্প্রতি কয়েকসপ্তাহে হংকংয়ের বেশ কয়েকটি এলাকা অচল হয়ে পড়েছে।
সপ্তাহব্যাপী কয়েকশ’ বিক্ষোভকারী রাস্তায় বিক্ষোভ করেছে। তাদের বেশিরভাগই ছাত্র। কিন্তু আলোচনা বাতিল হওয়ার পর ছাত্রআন্দোলনের নেতারা ফের তাদের সমর্থকদেরকে রাস্তায় বিক্ষোভে নামার ডাক দেন।
এর আগে গত সপ্তাহজুড়ে হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলন তুঙ্গে ছিল। সে সময় শহরের বেইজিং মনোনীত নেতা লেয়ুঙ চুন য়িঙ এর পদত্যাগ দাবি করেছিল আন্দোলনকারীরা। পাশপাশি ২০১৭ সালের নির্বাচনে হংকংবাসী যাকে চায় তাকে নির্বাচিত করার ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছিল।
কিন্তু চীন নির্বাচনী প্রার্থীদের বাছাই করে তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে চাচ্ছিল।
৭ অক্টোবরে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা তেমন কোনো ফল বয়ে না আনায় দাবি না মানা পর্যন্ত ‘অকুপাই’ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতারা।
