পাক-ভারত লড়াইয়ে বিরতিতে ফিরেছে স্বস্তি
সীমান্তে কয়েক সপ্তাহ ধরে গোলা বিনিময় ও বন্দুকযুদ্ধ চলার পর শুক্রবার থেকে বিরতি শুরু করেছে ভারত ও পাকিস্তান। এতে অধিবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে।
প্রায় এক সপ্তাহ আগে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে এ লড়াই শুরু হয়। এতে এ পর্যন্ত পাকিস্তানের নয় জন এবং ভারতের আটজন প্রাণ হারিয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধ কোন বিকল্প উপায় নয়। উভয়পক্ষেরই সংঘর্ষ এড়ানোর উপায় খোঁজার চেষ্টা করতে হবে।
লড়াইয়ে বিরতির ব্যাপারে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “বর্তমান সংকটজনক পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার লক্ষ্যে উভয় দেশের নেতারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
১৯৪৭ সালে বিভক্ত ও স্বাধীন হওয়ার পর ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত তিনবার পরষ্পরের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে, তিনবারের দুবারই কাশ্মীর নিয়ে।
পারমাণবিক শক্তধর এই দুই প্রতিবেশী ১৯৯৮ সালে প্রথম নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। তারপর থেকে বিভিন্ন সময়ে উত্তেজনা দেখা দিলেও বড় ধরণের আর কোন সংঘর্ষে জড়ায়নি চিরবৈরী দেশ দুটি।
বিশেষজ্ঞদের ধারণা, পরমাণু শক্তিধর উভয় দেশই পরষ্পরের ক্ষমতা নিয়ে সচেতন।
যুদ্ধবিরতিতে যাওয়ার আগে উভয় দেশ পরষ্পরকে হুমকি দিয়েছে। নয়াদিল্লি পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছে, যদি গোলা বর্ষণ বন্ধ না করে তবে পাকিস্তানকে ‘অভাবনীয় মূল্য’ দিতে হবে।
জবাবে ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের এর ‘যোগ্য জবাব’ দেয়ার ক্ষমতা রয়েছে। ভারতীয় পুলিশ কর্মকর্তা উত্তম চাঁদ বলেন, “রাত থেকে জম্মু সীমান্ত শান্ত হয়ে আছে। কোন অংশেই কোন ধরনের গোলাগুলি হয়নি।”
ওদিকে, সীমান্তে এই সংঘর্ষের ব্যাপারে তদন্ত করার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খান।
এক সংবাদ সম্মেলনে নিসার আলী বলেন, “আগামী কয়েকদিনে পাকিস্তান জাতিসংঘের পর্যবেক্ষক দলকে সীমান্ত এলাকায় পাঠাবে। যাতে তারা বুঝতে পারে এই যুদ্ধ কারা শুরু করেছে এবং এর জন্য কারা দায়ী।”
এ যুদ্ধের কারণে জম্মুর প্রায় ২০ হাজার বেসামরিক মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।
